আ. লীগ নেতাদের আত্মীয়রা জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের আত্মীয়রা দেশে জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছেন।গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ অভিযোগ করেন। তিনি উদাহরণ হিসেবে শীর্ষ জঙ্গি নেতা শায়খ আবদুর রহমান আওয়ামী লীগের নেতা ও জাতীয় সংসদের হুইপ মির্জা আজমের ভগ্নিপতি বলে উল্লেখ করে বলেন, ‘অথচ তারা বিএনপিকে জঙ্গি মদদদাতা বলছে। তাদের এ অভিযোগ হাস্যকর।’ সম্প্রতি আওয়ামী লীগের এক নেতা খালেদা জিয়াকে জঙ্গিমাতা বলায় এর জবাবে মির্জা ফখরুল এসব কথা বলেন। ক্ষমতায় থাকতে খালেদা জিয়া ও তাঁর দুই ছেলে দুর্নীতির মাধ্যমে অর্থের পাহাড় গড়েছেন—প্যারিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এ বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী তাঁর স্বভাবসুলভ ও নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুযায়ী এ কথা বলেছেন। আসলে তিনি এভাবে ছাড়া কথা বলতে পারেন না। মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘দুর্নীতির দায়ে আপনার নামে ১৮টি মামলা হয়েছিল। সেগুলো তুলে নিয়েছেন। কিন্তু খালেদা জিয়ার নামে মাত্র চারটি মামলা হয়েছে, যেগুলো এখনো প্রমাণিত হয়নি। তাহলে বেশি দুর্নীতিবাজ কে, সেটা দেশের মানুষ বুঝতে পারছে।’ গতকালের যৌথ সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কাল রোববার ঢাকায় বিমানবন্দরে বড় ধরনের সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এ জন্য ঢাকা মহানগর ও দলের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করা হয়।সভায় দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর বিএনপির সদস্য-সচিব আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।মওদুদের তিন প্রস্তাব: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ গতকাল এক আলোচনা সভায় সুষ্ঠুভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে তিনটি প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—তত্ত্বাবধায়ক সরকারের বর্তমান ব্যবস্থা বহাল রাখা, সবার সম্মতিতে নির্বাচন কমিশনার নিয়োগ ও ইলেকট্রনিক ভোটিং পদ্ধতি বাতিল করা। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত আলোচনা সভায় মওদুদ আহমদ এসব প্রস্তাবের কথা বলেন। ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।