আ. লীগ নেতার বিরুদ্ধে গরুর হাট বসানোর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিশোরগঞ্জে এক আওয়ামী লীগ নেতা অবৈধভাবে গরুর হাট বসিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের মিলনগঞ্জ গরুর হাটটি চার লাখ ৪১ হাজার টাকায় ইজারা ডেকে নেন মাইন উদ্দিন নামে এক ব্যক্তি। ইজারা প্রাপ্ত হয়ে তিনি যথারীতি হাট বসিয়ে আসছেন। কিন্তু এর প্রায় ৩০০ গজের মধ্যে নীলগঞ্জ পুরাতন বাজারে গরুর হাট বসিয়ে যাচ্ছেন মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ।ঈদ উপলক্ষে বুধবার দুই ইজারাদারই গরুর হাট বসিয়ে ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে ইজারা আদায় করেন। মিলনগঞ্জ বাজারের ইজারাদার মাইন উদ্দিন অভিযোগ করেন, নীলগঞ্জ পুরাতন বাজারের গরুর হাটের ওপর আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরপরও ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে হাটটি চালানো হচ্ছে। ফলে তিনি বৈধ ইজারাদার হয়েও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান।আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ নীলগঞ্জ পুরাতন বাজারে গরুর হাট বসানোর কথা স্বীকার করে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে এখানে গরুর হাট বসিয়ে আসছি।’ অথচ স্থানীয় ইউপি চেয়ারম্যান, সহকারী কমিশনার (ভূমি) ও ইউএনও ষড়যন্ত্র করে তাদের বাদ দিয়ে মিলনগঞ্জ বাজারে হাট বসানোর অনুমোদন দিয়েছেন। আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘আমরা জেলা জজ আদালতে আপিল করেছি। আমাদের আপিল গ্রহণ হয়েছে। তাই গরুর হাট বসিয়েছি।’ মাইজখাপন ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও অবৈধভাবে গরুর হাট বসানোর বিষয়ে বলেন, এর ফলে প্রকৃত ইজারাদার ক্ষতিগ্রস্ত হচ্ছেন।কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, আদালতের নিষেধাজ্ঞার বিষয়টি পুলিশসহ সবাইকে অবগত করানো হয়েছে। বিষয়টি দেখার জন্য ম্যাজিস্ট্রেটও নিয়োগ দেওয়া হয়েছে। এরপরও গরুর হাট বসানো প্রসঙ্গে জানতে চাইলে বিষয়টি দেখবেন বলে জানান।