আ. লীগ নেতার ‘অনুরোধে’ জনসভায় শিক্ষক-শিক্ষার্থীরা
আওয়ামী লীগের নেতার ‘অনুরোধে’ গতকাল বৃহস্পতিবার রাজশাহীর পুঠিয়া উপজেলায় একটি ইউনিয়নের সব মাধ্যমিক বিদ্যালয় থেকে শিক্ষক-শিক্ষার্থীরা স্থানীয় সাংসদের জনসভায় হাজির হয়। এ জন্য বিদ্যালয়গুলোর ক্লাস নেওয়ার সময়ও পরিবর্তন করা হয়।তবে বেশির ভাগ বিদ্যালয়েই ক্লাস হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহিম মোল্লা বলেন, ‘আমরা শিক্ষক-শিক্ষার্থীদের জনসভায় আসতে অনুরোধ করেছি। তবে সময় পরিবর্তন করে ক্লাস করার পরই তাদের জনসভায় আসতে বলা হয়।’পুঠিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারি নিয়ম অনুযায়ী সব মাধ্যমিক বিদ্যালয় সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত চলার কথা। কিন্তু অতিরিক্ত গরমের কারণে সম্প্রতি বিদ্যালয় পরিচালনা কমিটির সিদ্ধান্তে বিদ্যালয়গুলো সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত চালানো হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, শিলমাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাধনপুর উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বিকেল তিনটায় জনসভার আয়োজন করা হয়। এ কারণে স্থানীয় আওয়ামী লীগের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়গুলো সকাল আটটার পরিবর্তে দুপুর ১২টায় খুলতে বলা হয়। তারপর শিক্ষার্থীদের নিয়ে জনসভায় উপস্থিত হতে বলা হয়।উপজেলার পচামাড়িয়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা বলেন, ‘কোনো রাজনৈতিক কারণে নয়, বিদ্যালয়ের স্বার্থেই তাঁরা শিক্ষার্থীদের নিয়ে জনসভায় যাচ্ছেন, যাতে কোনো অনুদান পাওয়া যায়।’সকাল সাড়ে ১০টার দিকে তেঁতুলিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর আলী জানান, ব্যানার নিয়ে তাঁরা জনসভায় যাবেন। তিনি দাবি করেন, সময় অনুযায়ী বিদ্যালয়ে ক্লাস হয়েছে।তবে একাধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগের নেতারা শিক্ষক-শিক্ষার্থীদের জনসভায় যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশের কারণেই জনসভায় যেতে হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জনসভার উপস্থিত লোকজনের মধ্যে প্রায় ৭৫ শতাংশই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা নিজ নিজ বিদ্যালয়ের ব্যানার নিয়ে যোগ দিয়েছে।যোগাযোগ করা হলে সাংসদ আবদুল ওয়াদুদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীদের জনসভায় আসতে বলা বা বিদ্যালয়ের সময় পরিবর্তনের বিষয়টি আমার জানা নেই।’