আ. লীগ নৌ-দুর্ঘটনা কমিয়েছে: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাজাহান খান
শাজাহান খান

বিএনপির আমলে দেশে নৌ-দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়েছে আর আওয়ামী লীগ সরকার সেটি কমিয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পাঞ্জুপাড়া গ্রামে ‘লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশনের’ ভিত্তিফলক স্থাপন করা হয়। শাজাহান খান প্রধান অতিথি হিসেবে ভিত্তিফলক উন্মোচন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন সমুদ্র পরিবহন অধিদপ্তরের জিএমডিএসএস ও ইন্টিগ্রেটেড মেরিটাইম নেভিগেশন সিস্টেম প্রকল্পের মাধ্যমে লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশনের বাস্তবায়ন করা হচ্ছে।

মন্ত্রী অভিযোগ করে বলেন, ‘২০১৩ সালে যারা দেশে নৈরাজ্য করেছে, যুদ্ধাপরাধীর বিচারের মতো তাদেরও কাঠগড়ায় দাঁড়াতে হবে।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে খালেদা জিয়া আঁতাত করে বাংলাদেশ চালাতে চাইছেন।

শাজাহান খান বলেন, ‘কারও প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। সংবিধান মোতাবেক বাংলাদেশ চলবে, জনগণের মতামতের ভিত্তিতে বাংলাদেশ চলবে।’

‘লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশনের’ ভিত্তিফলক স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমুদ্র পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এম জাকিউর রহমান ভূঁইয়া পিএসসি বিএন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ মো.মাহবুবুর রহমান। এ ছাড়া বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সোহরাব হোসেন শেখ ও কলাপাড়া পৌরসভার মেয়র এস এম রাকিবুল আহসান প্রমুখ।

সমুদ্র পরিবহন অধিদপ্তরের মেরিন চিফ ইঞ্জিনিয়ার ও লাইট হাউস প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম নাজমুল হক জানান, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে অনেক সময় জেলেরা পথ হারিয়ে ফেলেন এবং বিপত্গামী হন। লাইট হাউস ও কোস্ট রেডিও স্টেশন চালু হলে জেলেদের সুবিধা হবে। কারণ জেলেরা সমুদ্র থেকে এই লাইট হাউসকে চিহ্নিত করে মাছ ধরে কিনারায় ফিরতে পারবেন।

এস এম নাজমুল হক আরও বলেন, কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে পায়রা সমুদ্রবন্দর স্থাপিত হয়েছে। যখন এ বন্দরটি পুরোপুরি চালু হবে, তখন এই বন্দরে বিদেশি জাহাজ আসবে। বিদেশি জাহাজগুলো গভীর সমুদ্র থেকে ওই লাইট হাউসকে দেখে তীরে ফিরতে পারবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের সমুদ্রসীমায় যেসব জাহাজ চলাচল করে, সেগুলোর সঙ্গে বার্তা আদান-প্রদান, সমুদ্রের ভেতরে যদি কোনো জাহাজ বিপদে পড়ে, সেগুলোর উদ্ধারকার্যক্রম ও অনুসন্ধান, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর এলাকায় ২৪ ঘণ্টা যেসব জাহাজ চলাচল করে, সেগুলোর গতিবিধি নির্ধারণ, আধুনিক নেভিগেশনের সহায়তা ও ভেসেলে ট্রাফিক ব্যবস্থার উন্নতীকরণে কোস্ট রেডিও স্টেশন সহায়ক ভূমিকা পালন করবে।