আ. লীগ প্রার্থীর একপেশে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সবচেয়ে কাছের পৌরসভা সাভারে নির্বাচন হচ্ছে। ভোটের উত্তাপও আছে। তবে তা অনেকটাই একপেশে, সরকার দলকেন্দ্রিক হয়ে পড়েছে। কোণঠাসা বিএনপির প্রার্থী এলাকাছাড়া। এ অবস্থায় সুষ্ঠু ভোট নিয়ে সংশয়ে সাধারণ ভোটাররা।
সাভার পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়ছেন সাতজন। এর মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল গনি। আর বিএনপির প্রার্থী বদিউজ্জামান। এর বাইরে স্বতন্ত্র, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ন্যাপ ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী রয়েছেন।
এর মধ্যে সরকারদলীয় প্রার্থী আবদুল গনির নৌকার পোস্টার আর ব্যানারে ছেয়ে গেছে সাভারের অলিগলি। মহল্লায় মহল্লায় চোখে পড়ে তাঁর নির্বাচনী কার্যালয়। নেতা-কর্মীরা মাঠ চষে বেড়াচ্ছেন বিনা বাধায়।
বিএনপির প্রার্থী বদিউজ্জামানের পোষ্টারও চোখে পড়ে না। প্রার্থী নিজেও এলাকায় নেই। কর্মী-সমর্থকদেরও তৎপরতা চোখে পড়ে না। অবশ্য তাঁর ঘনিষ্ঠরা বলছেন, মার্কা যেহেতু ধানের শীষ, তাই নীরব ভোটারদের ওপর ভর করেই উতরে যাবেন।
এই একপেশে প্রচারণা আর দৌড়ঝাঁপের কারণে ভোটাররাও অনেকটা দ্বন্দ্বে পড়ে গেছেন।
পৌর এলাকার ব্যাংক কলোনির বাসিন্দা বারেক মিয়ার কথাতেও তা স্পষ্ট। তিনি বলেন, ‘ধানের শীষের পোস্টার আর প্রার্থী কিছুই তো দেহি না, বিএনপির প্রার্থীরে কি বাদ দিয়া দিছে ?’
গত বৃহস্পতিবার মুঠোফোনে বদিউজ্জামান বলেন, তাঁর বিরুদ্ধে সাভার থানায় দায়ের করা তিনটি মামলা তদন্তাধীন থাকায় তিনি এলাকার বাইরে ছিলেন। এ কারণে ভোটারদের কাছে পৌঁছাতে পারেননি। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে গত সোমবার তিনি সাভার এসে সংবাদ সম্মেলনের আয়োজন করেন। কিন্তু শতাধিক ব্যক্তি তাঁর বাসায় হামলা চালালে সম্মেলন পণ্ড হয়ে যায়। ওই হামলার পর তিনি পুনরায় এলাকা ছাড়তে বাধ্য হন।
তিনি বলেন, নির্বাচনে প্রার্থী হওয়ার পরেও তাঁকে পোস্টার ও ব্যানার টানাতে দেওয়া হচ্ছে না। তাঁর স্ত্রী কয়েকজন নারী কর্মী নিয়ে ভোট প্রার্থনা করলেও তাঁকে নানা বাধার সম্মুখীন হতে হয়। গত সোমবারের হামলার পর থেকে ওই প্রচারণাও বন্ধ রাখা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিএনপির প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় কোনো বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। আমি জানি না।’
স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন খান নঈমেরও পোস্টার চোখে পড়ে খুব কম। পারিবারিক প্রভাবে কিছু তৎপরতা চালালেও তিনি প্রচারে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ দিয়েছেন নির্বাচন কমিশনে।
এর বাইরে জাতীয় পার্টির আজিজুর রহমান, সিপিবির আজম খান, ইসলামি আন্দোলন বাংলাদেশের মোশারফ হোসেন এবং ন্যাপের মফিজুল ইসলামের প্রচারণাও সেভাবে চোখে পড়ছে না।
পৌরসভার গেন্ডা এলাকায় শরীফুল ইসলামের চায়ের দোকানে বসে কথা বলছিলেন স্থানীয় কয়েকজন। হঠাৎ করে ওই আলোচনায় অংশ নিয়ে ভোটের প্রসঙ্গ তুলতেই তাঁদের একজন পরিচয় জানতে চান। এ প্রতিবেদক নিজের পরিচয় দেওয়ার পর জাহাঙ্গীর হোসেন নামে ওই ব্যক্তি বলেন, ‘ভাই ভুটের কতা আর কী কমু, ভুট কি দেওন যাইব ?’
জাহাঙ্গীরের মতোই শঙ্কিত সিপিবির প্রার্থী আজম খান। তিনি বলেন, ‘দলের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে নিয়ে গত বুধবার নির্বাচনী প্রচারণা চালাতে পুলিশের অনুমতি চেয়েছিলাম। আচরণবিধি লঙ্ঘনের অজুহাতে অনুমতির পরিবর্তে আমাকে গ্রেপ্তারের ভয় দেখানো হয়েছে। অন্য প্রার্থীরা বিশাল বিশাল মিছিল করলে আচরণবিধি লঙ্ঘন হয় না। ভোট যে কী হবে, তা বোঝাই যাচ্ছে।’
জানতে চাইলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ‘আমার কাছে যাঁরা আসেন, তাঁদের আমি নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলি। কাউকে গ্রেপ্তারের ভয় দেখিয়েছি, এমন ঘটনা হয়নি।’