আ. লীগ-বিএনপি সংঘর্ষে ভ্যানচালক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার আমিশাপাড়া বাজারে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় মো. জাবের (৪৫) নামের এক রিকশাভ্যানচালক গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত জাবের লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সেবা গ্রামের মমতাজুল হকের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১১টার দিকে আমিশাপাড়া ইউনিয়নের ভদ্রগাঁওয়ের সওদাগরবাড়ির আওয়ামী-সমর্থক এক যুবক বাসুতিপাড়া এলাকায় গেলে তাঁকে মারধর করে স্থানীয় বিএনপির সমর্থকেরা। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টার দিকে উভয় পক্ষের লোকজন আমিশাপাড়া বাজারে জড়ো হলে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এতে জাবের গুলিবিদ্ধ হন ও আমিশাপাড়া বাজারের ব্যবসায়ী বাহার ধারালো অস্ত্রের আঘাতে আহত হন। গুরুতর আহত জাবেরকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি।

ওসি আবদুস সামাদ জানান, জাবেরের লাশ নোয়াখালী মেডিকেল কলেজের মর্গে আছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।