আ.লীগ-বিএনপির প্রার্থী বাছাই আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির দলীয় মনোনয়ন পেতে বেশ কয়েকজন নেতা আবেদন করেছেন। এই প্রধান দল দুটি আজ রোববার দলীয় একক প্রার্থী চূড়ান্ত করবে। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল কাজ করছে।

জেলা আওয়ামী লীগের নেতারা জানান, নির্বাচনে আওয়ামী লীগের নয়জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন। কিন্তু সম্ভাব্য মূল প্রার্থী গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। তাঁদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দেওয়ার সম্ভাবনা আছে।

জেলা বিএনপির একাধিক নেতা জানান, গাজীপুর জেলা, উপজেলা পর্যায়ের সাতজন নেতা দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বর্তমান মেয়র এম এ মান্নান এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সাংসদ হাসান উদ্দিন সরকার।

গতকাল শনিবার সকালে অন্তত ৩০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, সিটি করপোরেশনের সর্বত্রই নির্বাচন নিয়ে আলোচনা চলছে। পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকানেও চলছে নির্বাচনকেন্দ্রিক আলোচনা। কারণ নির্বাচনের আগেও যে একটি নির্বাচন আছে। সেটি হচ্ছে কে পাচ্ছেন নৌকা আর কে পাচ্ছেন ধানের শীষ প্রতীক। আজ রোববার বিকেলের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগের পৃথক দলীয় মনোনয়ন বোর্ডের সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হওয়ার কথা।

গাজীপুর শহরের বাসিন্দা ব্যবসায়ী মজিবুর রহমান বলেন, জেলায় এখন নির্বাচন ছাড়া অন্য কোনো আলোচনা নেই। তবে এই মুহূর্তে ভোটাররা প্রধান দুই দলের প্রার্থী কে হচ্ছেন, সেটি জানতেই আগ্রহী বেশি। কারণ, প্রার্থীর ওপরই নির্ভর করবে জয়-পরাজয়ের বিষয়টি।

সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোফাজ্জল হোসেন বলেন, ‘নির্বাচনের আগে দুই দলের প্রার্থী নিয়ে যে অবস্থা শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে নির্বাচনের আগেই আরেকটি নির্বাচন হচ্ছে। আমরা সেটার ফলের অপেক্ষায় আছি।’

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর-২ আসনের সাংসদ জাহিদ আহসান রাসেলের চাচা ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. মতিউর রহমান, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, দলের বিভিন্ন পর্যায়ের নেতা ওয়াজ উদ্দিন মিয়া, কাজী আলীম উদ্দিন, আবদুর রউফ ও সুমন আহমেদ।

আর বিএনপি থেকে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন বর্তমান মেয়র এম এ মান্নান, তাঁর ছেলে এম মঞ্জুরুল কবির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শওকত হোসেন সরকার, সাবেক পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।

গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, দলের মনোনয়ন বোর্ডের সভায় আজ দলীয় প্রার্থী চূড়ান্ত করে ঘোষণা দেওয়া হবে।

জেলা বিএনপির নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাজহারুল ইসলাম বলেন, ২০১৩ সালের নির্বাচনে বিএনপি থেকে একক প্রার্থী হন এম এ মান্নান। দলের নেতা-কর্মীরাও একযোগে তাঁর পক্ষে কাজ করেন। এক লাখের বেশি ভোটে জয় পান বিএনপির প্রার্থী। এবারও যাঁকে মনোনয়ন দেওয়া হোক না কেন, জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বলেন, ঢাকায় আজকের সভায় সম্ভাব্য প্রার্থীরা ও জেলা বিএনপির সভাপতি-সম্পাদক উপস্থিত থাকবেন। সেখানে সবার আলোচনার ভিত্তিতে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।

আচরণবিধি ভঙ্গের বিষয়ে আলোচনা

সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল প্রথম আলোকে বলেন, গতকাল নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে গাজীপুর সার্কিট হাউসে সিটি নির্বাচন কর্মকর্তাদের বৈঠক হয়। ওই বৈঠকে প্রথম আলোয় প্রকাশিত আচরণবিধি ভঙ্গের বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় আচরণবিধি ভঙ্গের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হেলালুদ্দীন আহমদ।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. তারিফুজ্জামান বলেন, গতকাল বিকেলে রিটার্নিং কর্মকর্তার নেতৃত্বে ১৫ জন নির্বাচন কর্মকর্তা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন। আচরণবিধি ভঙ্গের কোনো প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।