আ. লীগ-শ্রমিক লীগের সংঘর্ষে কালিয়াকৈরে একজনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে পরিবহনের ঠিকাদারি নিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে শ্রমিক লীগ ও ছাত্রলীগের সংঘর্ষে একজনের মৃত্যু ও ১৫ জন আহত হয়েছেন। মৃত ব্যক্তি হলেন উপজেলা পরিবহন শ্রমিক লীগের সভাপতি বিল্লাল হোসেন (৪৫)। এ ঘটনায় শ্রমিক লীগের নেতা-কর্মীরা সড়কের ওপর সমাবেশ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় ছাত্রলীগের কর্মী ও ঠিকাদার শহীদুল ইসলাম ও টিপু ১৫টি বাস দিয়ে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করে আসছেন। কিন্তু গত সোমবার সকালে চন্দ্রা এলাকার আওয়ামী লীগের কর্মী আজিজ, ছোট শহীদ ও হূদয় ছাত্রলীগের শহীদুলকে পরিবহন ব্যবসা ছেড়ে দেওয়ার হুমকি দেন।এর প্রতিবাদে গতকাল সকাল আটটায় শহীদুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতা-কর্মী মহড়া দেন। একপর্যায়ে ছোট শহীদ, হূদয় ও কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল আজিজ দলবল নিয়ে সেখানে উপস্থিত হলে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকনেতা বিল্লাল আহত হন। একটি ক্লিনিকে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুজ্জামান, শহীদুল (৩০), আলী আজম (৩৫), সুরুজ্জামন (৩০), ছোট শহীদ (২৫) ও হূদয়কে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে বিল্লালের মৃত্যুর খবর পেয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা বাস টার্মিনাল এলাকার সড়কে বিক্ষোভ সমাবেশ করেন। প্রায় এক ঘণ্টা পর নেতা-কর্মীরা সড়ক থেকে সরে যান। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন সন্ধ্যায় জানান, ময়নাতদন্তের জন্য বিল্লালের লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। চন্দ্রা ও কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।