আ. লীগ সংলাপের নাটক করে দায় বিএনপির ওপর চাপাতে চায়

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সংলাপের নাটক তৈরি করে এর দায় বিএনপির ওপর চাপাতে চায়। আজ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিবের কক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার আজ গণভবনে যাওয়ার সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘২৯ অক্টোবর সন্ধ্যার আগে যাওয়ার কোনো সুযোগ আছে বলে মনে করি না।’
সংলাপের জন্য বিএনপির তরফ থেকে যোগাযোগ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কে যোগাযোগ করবে, সেটি মুখ্য নয়। মুখ্য বিষয় হলো সংলাপ-সমঝোতা হবে কি না। আমরা মুখ্য বিষয়ে থাকতে চাই। তবে এ দায়িত্ব সরকারের, সরকার যেহেতু চালকের আসনে। এই উদ্যোগ তাদের নিতে হবে।’ তিনি বলেন, ‘আমরা বরাবরই সংলাপ নিয়ে আশাবাদী। আমরা শুধু আশাবাদী নই; আমরা বিশ্বাস করি, যে সংকট সৃষ্টি হয়েছে আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধান হওয়াটাই শ্রেষ্ঠ।’
গতকাল জাতীয় সংসদে উত্থাপিত গ্রামীণ ব্যাংক বিল প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘গ্রামীণ ব্যাংকের সরকারীকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে শুরু থেকেই আমাদের অবস্থান। এটিকে পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া ধ্বংস করার শামিল। ব্যাংকটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার বিপক্ষে আমরা।’
মির্জা ফখরুল অভিযোগ করেন, সারা দেশে ১৮ দলের মিছিলে পুলিশ গুলি করছে। সরকারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত গণ-অভ্যুত্থান হয়েছে বলে তিনি দাবি করেন।