ঢাকা আইনজীবী সমিতির ২০১৪-১৫ সালের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ভরাডুবি হয়েছে। সভাপতিসহ সম্পাদকীয় ১০টি পদের নয়টিতে এবং ১৫টি কার্যকরী সদস্যপদের মধ্যে নয়টিসহ মোট ১৮টি পদে বিএনপি-জামায়াত-সমর্থিত নীল প্যানেলের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত শুধু ছয়জন প্রার্থী কার্যকরী সদস্য পদে নির্বাচিত হন।
গতকাল শুক্রবার বেলা দেড়টায় প্রধান নির্বাচন কমিশনার ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুস সবুর ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে বিজয়ী হয়েছেন নীল প্যানেলের মো. মহসীন মিয়া। তিনি পেয়েছেন চার হাজার ৩৮৮ ভোট। প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের সাইদুর রহমান মানিক এক হাজার ১৯৮ ভোটের ব্যবধানে হেরেছেন।
সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের মো. মোসলেহ উদ্দিন জসীম তিন হাজার ৬২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সিনিয়র সহসভাপতি পদে রেজাউল করিম, সহসভাপতি জহির রায়হান, সিনিয়র সহসাধারণ সম্পাদক পদে আবু ইউসুফ সরকার, সহসাধারণ সম্পাদক আরিফুর রহমান নির্বাচিত হন। ট্রেজারার পদে নীল প্যানেলের মো. শামসুজ্জামান ভোট গণনায় এগিয়ে থাকলেও প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মো. মকবুল হোসেনের আপত্তির কারণে ফলাফল স্থগিত করা হয়েছে।