আ. লীগ সাংসদকে লক্ষ্য করে 'পাথর' নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) থেকে নবনির্বাচিত সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন ওরফে নদভী আজ শুক্রবার রাতে এক অনুষ্ঠানে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। লোহাগাড়ার চুনতিতে বার্ষিক সিরাতুন্নবী মাহফিলের অনুষ্ঠান মঞ্চে তাঁর দিকে দর্শক সারি থেকে ‘পাথর’ ছুড়ে মারা হয় বলে জানা গেছে।

একই অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রীর সামরিকসচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদিনও ছিলেন। তবে তিনি মঞ্চে ছিলেন না। জয়নাল আবেদিন একই এলাকার বাসিন্দা। মঞ্চে আরও ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলামও। জামায়াত-শিবির এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, প্রতিবছর চুনতি সিরাতুন্নবী মাঠে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়। ওখানে এবার অতিথি ছিলেন ক্ষমতাসীন দলের সাংসদ নেজামুদ্দীন নদভী। রাত পৌনে আটটার দিকে তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছান। তিনি মঞ্চে উঠার সময় তাঁর দিকে বেশকিছু ছোট পাথর ছুঁড়ে মারা হয়। পরে মাহফিলের আয়োজকরা তাঁকে উদ্ধার করে একটি মসজিদের ভেতর নিয়ে যান। 

জানা গেছে, সাংসদ অনুষ্ঠানস্থলে পৌঁছলে একই মঞ্চে বক্তব্য দিয়ে চলে যান আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম। তিনি নেমে যাওয়ার পর এই ঘটনা ঘটে। এসময় প্রধানমন্ত্রীর সামরিক সচিব জয়নাল আবেদিন খাবারের আয়োজন যেখানে চলছিল সেখানে ছিলেন।

সাংসদের সঙ্গে থাকা দক্ষিণ জেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মিয়া মোহাম্মদ শাহজাহান প্রথম আলোকে বলেন, ‘মঞ্চে ওঠার পর পরই দর্শকসারিতে বসা কিছু ছেলে নদভীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। এসময় আমরা তাড়াতাড়ি সাংসদকে নিয়ে নেমে যাই। একটি মসজিদে গিয়ে সবাই অপেক্ষা করি। পরে ঘটনাস্থলে পুলিশ যায়।’ জামায়াত-শিবির এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে বক্তব্য জানতে সাতকানিয়া সার্কেলের সহকারি পুলিশ সুপার এম এম এমরান ভূঞাকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। তবে লাহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিপ্লব, বিপ্লব ইসলামী বিপ্লব স্লোগান দিয়ে তারা এমপি সাহেবকে নাজেহাল করার চেষ্টা করে। অতিরিক্ত পুলিশ নিয়ে গিয়ে আমরা ওনাকে নিয়ে এসেছি।’