আ.লীগে কাউন্সিলর প্রার্থী নিয়ে ক্ষোভ, বিএনপিতে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা সিটি
খুলনা সিটি

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের জন্য আওয়ামী লীগ কাউন্সিলর প্রার্থীর তালিকা চূড়ান্ত করলেও মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ রয়েছে। অভিযোগ আছে, গ্রহণযোগ্যতা নেই, পরিচিতি কম—এমন অনেককে প্রার্থী করা হয়েছে। এখনো অনেক নেতা দলীয় মনোনয়নের আশায় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্তত চারটি ওয়ার্ডে প্রার্থী বদল হচ্ছে বলেও জানা গেছে। এদিকে বিএনপি ফল ঘোষণা নিয়ে ষড়যন্ত্রের আশঙ্কা করে তা প্রতিহত করার সিদ্ধান্ত নিয়েছে।

দলীয় মনোনয়ন না পাওয়া অন্তত আটজন প্রথম আলোকে বলেছেন, তাঁরা মনোনয়নপত্র জমা দেবেন। ২৩ এপ্রিল পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আছে। পরে কী হয় দেখা যাবে। 

১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নগর যুবলীগ নেতা কাজী তালাত হোসেন দলীয় মনোনয়ন পাননি। এর প্রতিবাদে গত সোমবার তাঁর সমর্থকেরা বিক্ষোভ করেন। তালাত আক্ষেপ করে বলেন, আগের নির্বাচনে তিনি সামান্য ভোটে হেরেছেন। এরপর গত পাঁচ বছরে লাখ লাখ টাকা খরচ করে মানুষের পাশে ছিলেন। অথচ দলে নতুন এসেই একজন মনোনয়ন পেলেন।
রাজুল হাসান সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি ১৮ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। তিনি বলেন, দলের কাছে মনোনয়ন চেয়ে পাননি। গত নির্বাচনে মাত্র ১২৪ ভোটে হেরেছিলেন। এবারও লড়বেন।
নগর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম ২৮ নম্বর ওয়ার্ডে মনোনয়ন চেয়ে পাননি। তিনি বলেন, ‘আমার কষ্ট, চার-পাঁচ বছর ধরে কাজ করছিলাম। কিন্তু দলের কাছে সুবিচার পেলাম না।’
মনোনয়ন চেয়ে পাননি ৩১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জিয়াউল ইসলামও। গত বছর তিনি সামান্য ভোটে হেরে যান। এবার এখনো আশায় আছেন।
দলীয় বিশ্বস্ত সূত্র জানিয়েছে, চূড়ান্ত মনোনয়ন পাওয়া চার প্রার্থীকে পরিবর্তন করা হচ্ছে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম বলেন, এবার কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করলে ব্যবস্থা নেওয়া হবে। মনোনয়ন পরিবর্তনের ব্যাপারে তিনি বলেন, ‘মুখে মুখে শুনেছি। আনুষ্ঠানিক কিছু জানি না।’

বিএনপির নির্বাচন কমিটি
গত মঙ্গলবার রাতে দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সভা থেকে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামানকে আহ্বায়ক করে ১০১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এ ছাড়া ১০টি উপকমিটিও করা হয়েছে।
সভায় বিএনপির প্রার্থী নজরুল ইসলামকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনের ফল পাল্টানোর যেকোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে এবং ফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়া হবে।
খুলনা মহানগর বিএনপির নেতারা এক বিবৃতিতে বলেছেন, নির্বাচন প্রক্রিয়ার শুরুতেই শাসক দল আচরণবিধি লঙ্ঘন করছে। দলীয় প্রার্থীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগ আনন্দ মিছিল করেছে।