আ. লীগের অধিকাংশ প্রার্থী ঢাকায়, প্রচারে নামেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার এখনো শুরু করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের অধিকাংশ প্রার্থীই এখনো ঢাকায় অবস্থান করছেন। আর বিভিন্ন এলাকা থেকে যেসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন, তাঁদের অধিকাংশের অবস্থানও ঢাকা।

দলটির সূত্রগুলো বলছে, জাতীয় নির্বাচন উপলক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে নির্বাচনী সভা করার যে রেওয়াজ, সেটাও এখনো শুরু করেননি শেখ হাসিনা।
এ বিষয়ে আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা প্রথম আলো ডটকমকে বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে স্পষ্ট করে দিয়েছেন, ‘প্রার্থিতা প্রত্যাহার করায় অনেকগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে না। যাঁরা আমাদের সঙ্গে সর্বদলীয় সরকারে আছেন, আলাপ-আলোচনার মধ্য দিয়ে আমরা এ পরিবেশ সৃষ্টি করেছি। যে কারণে প্রতিদ্বন্দ্বিতা হবে না। বিএনপি এলেও আমরা একই প্রক্রিয়া অনুসরণ করতাম।’ তিনি বলেন, নির্বাচনী প্রচারের যে গতানুগতিক ধারা সেটা এই দশম জাতীয় সংসদ নির্বাচনে মানুষ দেখতে পাবে না।


ইশতেহার আগামী সপ্তাহে
আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, অন্য নির্বাচনগুলোতে কোন দল কী ইশতেহার দিল, সেটা নিয়ে বিভিন্ন গবেষণাপ্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যবসায়ী মহলে আলোচনা হতো। ইশতেহারও ঘোষিত হতে নির্বাচনের এক-দুই মাস আগে। অথচ নির্বাচনের মাত্র ১৮ দিন বাকি থাকলেও আওয়ামী লীগ এখনো তাঁদের ইশতেহার ঘোষণা করেনি। এ বিষয়ে জানতে চাইলে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল আলম লেনিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘আগামী সপ্তাহের যেকোনো দিন আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা করা হবে।’


যে সব কারণে মার খাচ্ছেন আ.লীগের তৃণমূল নেতারা
সাতক্ষীরা, খুলনা, সিলেট, সিরাজগঞ্জ, রাজশাহী, বগুড়া, নড়াইল, ঝিনাইদহ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, কুমিল্লা, গাইবান্ধা, সিরাজগঞ্জ, লালমনিরহাট, চাঁপাইনবাবগঞ্জ, নাটোরের লালপুর, পাবনার ঈশ্বরদী, রংপুরের মিঠাপুকুর, সিলেট শহর, হবিগঞ্জ এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা এখন নিত্য-নৈমিত্তিক ব্যাপার। দলীয় কর্মীদের এ অবস্থায় তাঁদের পাশে নেই দলটির শীর্ষস্থানীয় নেতারা। তাঁদের অধিকাংশই ঢাকায় অবস্থান করছেন, নির্বাচনী প্রচারেও নামছেন না। মূলত কেন্দ্রীয় নেতাদের এলাকায় অনুপস্থিতিই হামলার অনেকগুলো কারণের একটি। যদি তাঁরা নিজ নিজ এলাকায় অবস্থান করতেন, তাহলেও এ ধরনের সহিংসতা কমে আসত বলে দলটির তৃণমূলের নেতা-কর্মীদের ধারণা।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, ‘স্থানীয় মন্ত্রী-এমপিরা নিজ এলাকায় থাকলে কর্মীরা সাহস পেতেন।’


বিএনপির সঙ্গে আর সমঝোতা নয়
এদিকে রাজধানীর সেতু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেন, শেষ পর্যন্ত সমঝোতায় এলেও দশম সংসদ নির্বাচনে বিএনপির সুযোগ নেই। এখন আলোচনা হতে হবে, তবে সেটা হবে একাদশ সংসদ নির্বাচন নিয়ে। তিনি বলেন, যেহেতু তফসিল হয়ে গেছে, নির্বাচনপ্রক্রিয়াও অনেক দূর এগিয়ে গেছে, সেহেতু এখন সমঝোতা হলেও বিএনপির দশম সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।
এদিকে ঢাকায় আজ এক আলোচনা সভায় দলটির উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে ইতিমধ্যে ১৫৪টি আসন পেয়ে সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ।
সুরঞ্জিত বলেন, ‘আওয়ামী লীগ যখন সরকার গঠনের জন্য ১৫৪টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, তখনো বিএনপি সংলাপ চালিয়ে যাচ্ছে। এই সংলাপের কোনো অর্থ হয় না। এখন সংলাপ হবে শুধু একাদশ সংসদ নির্বাচনের ব্যাপারে। আর সরকার যদি মনে করে মধ্যবর্তী নির্বাচন দেবে তবে সে ব্যাপারেও আলোচনা হতে পারে। কারণ, আমরা আলোচনা চালিয়ে যেতে চাই।’