আ. লীগের আহ্বানে সাড়া নেই ইসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী রকিব উদ্দীন আহমেদ
কাজী রকিব উদ্দীন আহমেদ

২৯ ডিসেম্বর ঢাকায় বিরোধী দলের ডাকা ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আওয়ামী লীগের উপ কমিটির আহ্বানে সাড়া দেয়নি নির্বাচন কমিশন। বিষয়টি ইসির এখতিয়ারে নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, ‘এটা নির্বাচনী সমাবেশ নয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই।’
এর আগে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নির্বাচন কমিশনার আবদুল মোবারকের সঙ্গে দেখা করে আওয়ামী লীগের নির্বাচন কমিশন সমন্বয় উপকমিটি। কমিটির আহ্বায়ক মহীউদ্দীন খান আলমগীর সাংবাদিকদের জানান, ‘নির্বাচন প্রতিহত করার জন্য ২৯ ডিসেম্বর বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া যে কর্মসূচি দিয়েছেন, তা নির্বাচন আইনের পরিপন্থী। এ ধরনের কর্মসূচি আইনত দণ্ডনীয় অপরাধ। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনের প্রতি আহ্বান জানানো হয়েছে।’ ওই আহ্বানের পরিপ্রেক্ষিতে এসব কথা জানান সিইসি।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিরোধী দলের নেতা খালেদা জিয়া ৫ জানুয়ারির নির্বাচন প্রতিহত করতে ও গণতন্ত্রকে রক্ষা করার জন্য ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচির ডাক দেন। ওই দিন সারা দেশ থেকে সব সক্ষম নাগরিককে ঢাকায় এসে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।