আ. লীগের নেতা-কর্মীরাও তল্লাশি অভিযানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাজনিত কারণে বিভিন্ন যানবাহনে পুলিশের তল্লাশি অভিযানে অংশ নিচ্ছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরাও। ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ইসলামপুর এবং সাভার বাসস্ট্যান্ডে আজ শনিবার ভোর থেকে এ দৃশ্যটি দেখা গেছে। তল্লাশির কারণে প্রতিটি যানবাহনকে দেড় থেকে দুই ঘণ্টা করে অপেক্ষা করার কারণে যাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছিলেন।

মানিকগঞ্জ থেকে ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের চালক আনোয়ার হোসেন বলেন, ঢাকার উদ্দেশে সকাল নয়টায় রওনা হয়ে এই তল্লাশির কারণে সাভার পৌঁছাতে তাঁর চার ঘণ্টা সময় লেগেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল করিম বলেন, রাজধানীতে নাশকতা ঠেকানোর জন্যই এই তল্লাশির ব্যবস্থা করা হয়েছে। এটা নিয়মিত তল্লাশি কার্যক্রমেরই অংশ।

সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল গনির ভাষ্য, ‘ঢাকায় যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠ পর্যায়ের আওয়ামী লীগের নেতা-কর্মীরা তৎপর রয়েছেন। তাই পুলিশের পাশাপাশি আমাদের নেতা-কর্মীরাও তল্লাশি করছেন।’