আ. লীগের নেতা কেটেছেন সড়কের ১৬টি গাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনিয়নে সড়কের পাশ থেকে ১৬টি রেইনট্রি গাছ কেটে ফেলা হয়েছে। জাহাঙ্গীর আকন নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিজের দাবি করে গত বৃহস্পতিবার গাছগুলো কেটে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাছের কাটা টুকরোগুলো উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়নের ল্যাংড়া মুন্সির পুল-বাবুরহাট সড়কের খেজুরবাড়িয়া এলাকা থেকে এই গাছগুলো কাটা হয়। সড়কের পাশের এই গাছগুলো এর আগে উপজেলা বন বিভাগ থেকে তাদের বলে চিহ্ন দিয়ে রেখেছিল। কিন্তু স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আকন নিজের দাবি করে বৃহস্পতিবার লোকজন নিয়ে ১৬টি রেইনট্রি গাছ কেটে ফেলেন। জাহাঙ্গীর আকন বলেন, ‘গাছগুলো সড়কের পাশে আমাদের জমিতে রোপণ করেছিলাম। বন বিভাগ ভুল করে আমাদের গাছে চিহ্ন দিয়ে গেছে। আমাদের গাছগুলো কেটে নেওয়ার জন্য বন বিভাগে লিখিত আবেদনও করা হয়েছে। তবে গাছ কেটে নেওয়ার জন্য বন বিভাগ অনুমতি দেয়নি।’ উপজেলা বন কর্মকর্তা আবদুল জলিল জানান, কয়েক বছর আগে বন বিভাগ ওই সড়কে বিভিন্ন প্রজাতির চারা রোপণ করে। ওই গাছগুলো এখন বড় হয়েছে। গাছ কেটে নেওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা গাছগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, জাহাঙ্গীর আকন গাছগুলো নিজেদের দাবি করেছেন। বিষয়টি তারা তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবেন।