আ. লীগের প্রার্থীকে জাপা প্রার্থীর সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে সমর্থন জানিয়ে আজ শুক্রবার স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাপা’র যুগ্ম আহ্বায়ক মির্জা আলী হাসান খোকন। ছবি: প্রথম আলো
বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে সমর্থন জানিয়ে আজ শুক্রবার স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য দেন জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাপা’র যুগ্ম আহ্বায়ক মির্জা আলী হাসান খোকন। ছবি: প্রথম আলো

বাগেরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে সমর্থন জানিয়ে নৌকার পক্ষে ভোট চাইলেন জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী মির্জা আলী হাসান খোকন। নিজের পক্ষে আর নির্বাচনী প্রচার চালাবেন না বলে ঘোষণা দিয়ে তিনি তাঁর নেতা কর্মীদের নৌকায় ভোট দেওয়ার অনুরোধ জানান। আজ শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য দেন তিনি।
সংবাদ সম্মেলনে দেওয়া লিখিত বক্তব্যে জাপা প্রার্থী ও জেলা জাপা’র যুগ্ম আহ্বায়ক মির্জা আলী হাসান বলেন, ‘আমার নেতা এইচএম এরশাদ বর্তমান প্রধানমন্ত্রীর মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত। দলের সিদ্ধান্তে আমি বাগেরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হই। দেশের কিছু কিছু পৌরসভায় জাপা প্রার্থীরা আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থন দিয়েছেন। একই ধারাবাহিকতায় আমি বাগেরহাটে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী খান হাবিবুর রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী হাসান বলেন, ‘বাগেরহাট পৌরসভার উন্নয়নে মেয়র পদে খান হাবিবুর রহমানের বিজয়ী হওয়া অত্যন্ত প্রয়োজন বলে আমার দল মনে করছে। আমিও তা মনে করি। তাই আমরা দলীয়ভাবে বাগেরহাটে তাঁর পক্ষে আজ শুক্রবার থেকে নির্বাচনী কাজ শুরু করব।’
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলামসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা, জেলা জাপা আহ্বায়ক হাবিবুর রহমান ও যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার এবং জেলা যুব সংহতি সভাপতি মাহাবুবুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক রাহুল দেব ও সাধারণ সম্পাদক এমাদুল হোসেন উপস্থিত ছিলেন।
জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী খান হাবিবুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এমন সিদ্ধান্ত নেওয়ায় আমি জাতীয় পার্টি ও জাপা নেতা মির্জা আলী হাসানকে ধন্যবাদ জানাই। আমি বিজয়ী হলে সবাইকে নিয়ে বাগেরহাটের উন্নয়নে কাজ করব।’
স্থানীয় লোকজন জানান, সংবাদ সম্মেলনের পর আজ বিকেলে পৌরসভার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর জনসংযোগে অংশ নিয়ে নৌকার পক্ষে ভোট চান জাপা প্রার্থী আলী হাসান ও তাঁর সমর্থকেরা।