আ.লীগের বিজয় নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশন যখন চাইবে, তখনই নির্বাচন হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে হবে। কারণ, আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ। শেখ হাসিনার বিকল্প শেখ হাসিনাই।

আজ রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত শুক্রবার বিকেলে আগরতলায় যান। সেখান থেকে ফিরে তিনি এ মতবিনিময় সভায় যোগ দেন।

মোহাম্মদ নাসিম বলেন, আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জ। আগামী নির্বাচন শুধু সংসদ সদস্য বানানোর নির্বাচন নয়। মুক্তিযুদ্ধের অস্তিত্বকে ধরে রাখার এবং আইনের শাসন প্রতিষ্ঠার নির্বাচন। অস্তিত্বের লড়াইয়ের নির্বাচন।

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত অনুষ্ঠান প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, ত্রিপুরার মানুষ বঙ্গবন্ধুকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাঁরা ফুল দেন। ত্রিপুরার মানুষদের বাঙালির মতো মনে হয়।

দেশের চিকিৎসাসেবার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ২০১৪ সালে শেখ হাসিনার সরকার ছয় হাজার চিকিৎসক নিয়োগ দিয়েছিল। উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য চিকিৎসকদের অনেকেই দেশের বাইরে রয়েছেন। এ জন্য দেশে চিকিৎসাসেবা নিয়ে সমস্যা চলছে। শিগগিরই সরকার আরও ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেবে। ইতিমধ্যে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলছে।

মতবিনিময় সভায় আরও দেন চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক এম এ মজিবুল হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন নিশীথ নন্দী মজুমদার, স্বাস্থ্য সহকারী পরিচালক (কুমিল্লা) ও ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।