আ. লীগের বিদ্রোহী প্রার্থীর কার্যালয়ে হামলা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী মেয়রপ্রার্থী এসএম কামরুজ্জামানের বারান্দিপাড়া এলাকার নির্বাচনী কার্যালয়ে হামলা চালিয়ে জিনিসপত্র তছনছ করে বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনার পর কামরুজ্জামান আজ সোমবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগের মেয়র প্রার্থী জহিরুল ইসলামের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে।
অভিযোগে বলা হয়েছে, সোমবার বেলা পৌনে একটার দিকে ‘নৌকা’ প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদারের উপস্থিতিতে কামরুজ্জামানের ‘জগ’ প্রতীকের কার্যালয়ে হামলা চালিয়ে তছনছ করা হয়েছে। বাধা দিলে জগ প্রতীকের নির্বাচনী কর্মকর্তা হামিদ মুকুলকে মারধর করা হয়েছে।
অভিযোগের বিষয়ে জহিরুল ইসলাম চাকলাদার বলেন, ‘কামরুজ্জামান মিথ্যাচার করছেন। ওই এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয় আছে জেনেই আমি অন্য পথ দিয়ে ঘুরে গিয়ে জনসংযোগ করেছি। ভাঙচুরের বিষয়ে আমার কিছুই জানা নেই।’
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাছ আলী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে রিটার্নিং কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত প্রতিবেদন দাখিল করেছে। তিনি বলেন, ‘মেয়র প্রার্থী কামরুজ্জামানের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে নৌকা প্রতীকের লোকজন ওই কার্যালয়ে ঢুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে গেছে।’