মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ৬ ও ৭ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি করা হবে। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি হবে। প্রতিটি ফরমের দাম ২৫ হাজার টাকা। মনোনয়ন ফরম জমা দেওয়া যাবে ৮ নভেম্বর বেলা দুইটা পর্যন্ত।
গতকাল রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮ নভেম্বর সন্ধ্যা সাতটায় গণভবনে আবারও সংসদীয় বোর্ডের বৈঠক হবে। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে মৌলভীবাজার-৩ আসনটি শূন্য হয়। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী ঠিক করার জন্যই গতকালের এ বৈঠক।
বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত ও আলাউদ্দীন আহমেদ, সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের প্রমুখ।
সংসদীয় বোর্ডের বৈঠকের আগে গণভবনে কক্সবাজারের পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সভাপতি আ ক ম শাহাবউদ্দীন ফরায়েজীর পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় তাঁরা জানান, বিএনপি এবং জামায়াতের নেতা-কর্মীরা শাহাবউদ্দীনকে হত্যা করার পর তাঁর শরীরে অ্যাসিড দিয়ে ঝলসে দেন। ঘটনার দিন (৬ অক্টোবর) ওই এলাকায় ঝড়-বৃষ্টি হয়। এ হত্যাকাণ্ড বজ্রপাতে মৃত্যু বলে চালিয়ে দেওয়া হয়।
বৈঠক সূত্র বলেছে, প্রধানমন্ত্রী সংসদীয় বোর্ডের বৈঠকে এ বিষয় তোলেন এবং বলেন, প্রতিদিনই আওয়ামী লীগের নেতারা বিএনপি-জামায়াতের নৃশংসতার শিকার হচ্ছেন। এটা নিয়ে কোনো উচ্চবাচ্য হয় না। পত্রিকাতেও বড় খবর হয় না। কিন্তু অন্য সব হত্যাকাণ্ড নিয়ে আলোচনা-সমালোচনা হয়। শাহাবউদ্দীনের এ হত্যাকাণ্ডের বিষয়ে দলীয় নেতারা সোচ্চার না হওয়ায় এবং পরিবারের সদস্যদের পাশে না দাঁড়ানোর সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
বৈঠকে উপস্থিত একজন নেতা বলেন, সাম্প্রতিক ঘটনাবলির বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত আছে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোই মূল লক্ষ্য।
সূত্র বলেছে, প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে করার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন দলীয় প্রতীকে হবে। প্রার্থীও ঠিক করে দেওয়া হবে দল থেকে। তবে পৌরসভার কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের সদস্য আগের মতোই নির্দলীয় হবে। সিটি করপোরেশনের ক্ষেত্রে মেয়র ও কমিশনার সবই দলীয় ভিত্তিতে ঠিক করা হবে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, মর্যাদা বৈষম্য নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে আন্দোলন করেছেন, সেটার সুরাহা হওয়ার পর্যায়ে। শিক্ষকদের বিষয়টি ইতিবাচকভাবেই দেখা হচ্ছে।
এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও সাবেক সচিব রাশিদুল আলমকে সংসদীয় বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।