আ.লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে পাঁচজন এই ফরম সংগ্রহ করেছেন।

আজ শনিবার সকালে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে রাসেল আশেকী ও আদম তমিজি হক মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তাঁরা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় রাসেল আশেকী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং ঢাকা উত্তরের জনগণের উন্নয়নের জন্য তিনি কাজ করতে চান। তিনি মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে তাঁর সর্বোচ্চটি দিয়ে কাজ করবেন বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অপর মনোনয়নপত্র সংগ্রহকারী ব্যবসায়ী আদম তমিজি হক ‘হক গ্রুপ’-এর ব্যবস্থাপনা পরিচালক।

বেলা ৩টা ২০ মিনিটের দিকে ব্যবসায়ী আতিকুল ইসলামের পক্ষে ঢাকা জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাড়ে তিনটার দিকে মো. শাহ আলম নামের এক ব্যক্তি ফরম নেন। এরপর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেনের পক্ষে গাজী আলমগীর নামের এক ব্যক্তি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

১৫ জানুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ। এরপর দলের স্থানীয় সরকার নির্বাচন-সম্পর্কিত বোর্ড প্রার্থী ঠিক করবে। এই বোর্ডের ১৬ জানুয়ারি বসার কথা রয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৮ জানুয়ারি পর্যন্ত। মনোনয়ন যাচাই-বাছাই হবে ২১ ও ২২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি।