আ. লীগের সংঘর্ষে ২ নিহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া সদর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি বখতিয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার বিকেলে কুষ্টিয়া শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ঘটনায় জড়িত অভিযোগে আটজনকে গ্রেপ্তার করা হলো।
বখতিয়ার হোসেন সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি একই ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান। গত শনিবার সকালে ইউনিয়নের মাজপাড়া গ্রামে বখতিয়ার হোসেন এবং সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেরামত আলীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইমান আলী ও শাহাবুদ্দিন নিহত হন। তাঁরা কেরামত আলীর পক্ষের লোক। ইউপি নির্বাচনের পর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান এলাকাবাসী।
ইমান আলীর চাচাতো ভাই কামরুল হাসান বাদী হয়ে রোববার ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম প্রথম আলোকে বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি বখতিয়ার। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
এদিকে মামলার পর থেকে ঝাউদিয়া ইউনিয়নজুড়ে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। মামলায় ইউনিয়নের প্রায় সব গ্রামের বাসিন্দাকে আসামি করা হয়েছে। তাঁদের বেশির ভাগই বখতিয়ার হোসেনের সমর্থক। খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নের বৈদ্যনাথপুর, মাজপাড়া, উদয়নগর, হাতিয়াসহ আশপাশের গামের বেশির ভাগ বাড়ি এখন পুরুষশূন্য।