আ. লীগের সম্মেলন, তাই যান চলাচল বন্ধ করল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুর জেলা শহরে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। জেলা আওয়ামী লীগের সম্মেলকে কেন্দ্র করে আজ শনিবার ভোর থেকে শহরের মধ্যে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছে না পুলিশ। শহরের জেলা স্টেডিয়ামে ১৩ বছর পর এই সম্মেলন হচ্ছে। যান চলাচল বন্ধের কারণে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জাজিরা থেকে মাদারীপুরগামী যাত্রী দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘সকাল থেকে কোনো বাস চলাচল করছে না। অটোরিকশায় করে যাত্রা করেছিলাম। পথে পুলিশ অটোরিকশা থামিয়ে আমাদের নামিয়ে দিয়েছে। হেঁটেই গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছি।’

শরীয়তপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার বলেন, আওয়ামী লীগের সম্মেলনের কারণে শহরে যানজট কমিয়ে রাখার জন্য গাড়ি চালানো বন্ধ রাখতে হচ্ছে। পুলিশ শহরের প্রেমতলা থেকে মনোহর বাজার মোড় পর্যন্ত সব ধরনের যানবাহন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, জেলা আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে শহরে অনেক মানুষের ভিড় থাকবে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য শহরের ভিড় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এ কারণে শহরে যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।