আ.ল ীগ নেতার ভাতিজা তাই জামায়াত নেতাকে ছেড়ে দিল পুলিশ?
সিলেটের বিশ্বনাথে হরতালে নাশকতার আশঙ্কায় আটকের কয়েক ঘণ্টা পরই উপজেলার রামাপাশা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি আবু বক্কর সিদ্দিককে ছেড়ে দিয়েছে পুলিশ। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানায়নি স্থানীয় থানা।
আবু বক্কর সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ মোশাহিদ আলীর ভাতিজা হওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হলো বলে অভিযোগ উঠেছে।
বিশ্বনাথ থানার ওসি আবুল কালাম আজাদ স্থানীয় সাংবাদিকদের কাছে গত সোমবার জামায়াতের স্থানীয় তিন নেতাকে আটকের কথা স্বীকার করেন। পরে অবশ্য জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকায় আবু বক্করকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান।
এদিকে উপজেলা জামায়াতের আমির আবদুল কাইয়ুম জানান, আবু বক্কর সিদ্দিক উপজেলার রামপাশা ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি।
অন্যদিকে আবু বক্করকে আটক ও ছেড়ে দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও গোপন রেখেছে বিশ্বনাথ থানার পুলিশ। সিলেটের পুলিশ সুপার নূরে আলম বলেন, ‘জামায়াতের দুই নেতা আটকের কথা আমাকে জানানো হয়েছে। কিন্তু আবু বক্করের ব্যাপারে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, এসব হরতালে সব ধকল পোহাতে হয় তাঁদের মতো দলের স্থানীয় নেতা-কর্মীদের। অথচ আবু বক্কর দলের জেলা পর্যায়ের নেতার ভাতিজা বলে পার পেয়ে গেলেন। তা ছাড়া থানার পুলিশের সঙ্গে জামায়াতের আঁতাত থাকারও অভিযোগ করেন তাঁরা।
এদিকে জেলা আওয়ামী লীগের নেতা মোশাহিদ আলী ও তাঁর ভাতিজা আবু বক্করের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
জামায়াতের ডাকা মঙ্গল ও বুধবারের হরতালে নাশকতার আশঙ্কায় গত সোমবার পৃথক অভিযানে উপজেলার নতুন বাজার এলাকা থেকে পুলিশ আবু বক্কর, রামাপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি আবদুস সালাম, খাজাঞ্চী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালামকে আটক করে। পরে তিনজনকেই থানায় আনা হলেও আবু বক্করকে ছেড়ে দেওয়া হয়। অপর দুজনের স্থান হয় থানাহাজতে।