সিলেট এমসি কলেজের ছাত্রাবাস পোড়ানোর পর ওই রাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ভাঙচুরের অভিযোগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে শাহ পরান থানায় মামলাটি করেন সিলেট মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান।মামলার আসামিদের মধ্যে রয়েছেন নগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক ও সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক রণজিৎ সরকার, জেলা ছাত্রলীগের সভাপতি পংকজ পুরকায়স্থ, সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি দেবাংশু দাস।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহ পরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মনোয়ার। মামলার এজাহারে বলা হয়েছে, এমসি কলেজের সামনে নগরের টিলাগড় পয়েন্টে শামীমা ট্রেডার্স নামে যুবলীগ নেতা আসাদুজ্জামানের ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। রোববার রাতে এমসি কলেজের ছাত্রাবাসে অগ্নিসংযোগের পর ছাত্রলীগের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ওই পয়েন্টে আসেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সময় আসামিরা গুলি বর্ষণও করে। এরপর তাঁর দোকান ভাঙচুর করে সাড়ে তিন লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করা হয়।ছাত্রলীগের দুই পক্ষের ওই সংঘর্ষের ঘটনায় এর আগে গত সোমবার জেলা ছাত্রলীগের সহসভাপতি এস আর রুমেল শাহ পরান থানায় একটি মামলা করেন।গতকালের মামলার আসামি ছাত্রলীগের নেতা দেবাংশু দাস প্রথম আলোকে বলেন, রোববার রাতে সংঘর্ষ হয়েছিল। তবে আওয়ামী লীগের একটি পক্ষের ইন্ধনে তাঁদের আসামি করা হয়েছে বলে তিনি দাবি করেন।এদিকে মহানগর পুলিশের একটি সূত্র জানায়, যুবলীগের নেতা আসাদুজ্জামানের করা মামলার আসামিরাই ছাত্রাবাস পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্ট—এ তথ্যের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। রাত সাড়ে নয়টা থেকে তারা ছাত্রাবাস এলাকায় অবস্থান করছিল। যোগাযোগ করা হলে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি মহানগর পুলিশের কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া।