টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শহিদুল ইসলাম ও দলটির বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খানসহ মোট চারজন গতকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে গত বুধবার জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গতকাল বিকেল পৌনে চারটার দিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ঘাটাইল উপজেলা পরিষদে এসে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলিমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন। এর পর পরই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আমানুর রহমান খান সেখানে মনোনয়নপত্র জমা দেন। এ সময় আমানুরের সঙ্গে ছিলেন তাঁর বাবা জেলা আওয়ামী লীগের সদস্য আতাউর রহমান খান ও দলের জেলা কমিটির আরেক সদস্য নেতা ফারুক আহমেদ এবং ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আজমল হোসেন। আমানুর রহমান খান বলেন, ‘আজীবন শেখ হাসিনার রাজনীতি করেছি। জেল-জুলুম সহ্য করেছি। কিন্তু কোনো অন্যায়ের কাছে মাথা নত করিনি। ঘাটাইল আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থকেরা শহিদুল ইসলামের মনোনয়ন মেনে নেননি। তাই তাঁদের অনুরোধে প্রার্থী হয়েছি।’ শহিদুল ইসলাম বলেন, ‘দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করা ঠিক নয়। নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন। তৃণমূলের সব নেতা-কর্মী আমার সঙ্গে রয়েছেন।’ বিদ্রোহী প্রার্থী সম্পর্কে তিনি বলেন, তিনি কিছু উচ্ছৃঙ্খল লোক নিয়ে চলছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান বলেন, শহিদুল ইসলাম ও আমানুর রহমান ছাড়াও বৃহস্পতিবার (গতকাল) ঘাটাইলে তাঁর কাছে স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক বীর প্রতীক এবং টাঙ্গাইলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অপর স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার জাতীয় পার্টির প্রার্থী সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ মনোনয়নপত্র জমা দেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, আগামী রোববার সকাল ১০টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে মনোনয়নপত্র বাছাই করা হবে।