আ.লীগ অনড়, কৌশল করে এগোতে চায়

বিরোধী দলের হরতাল ঘোষণায় সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আওয়ামী লীগের নেতারা আগে থেকেই এমন কর্মসূচির ধারণা করছিলেন। তবে বড় ধরনের সহিংস পরিস্থিতির সৃষ্টি হয় কি না, তা নিয়ে সরকারের ভেতরে উৎকণ্ঠা ছিল।
আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায়, ৬০ ঘণ্টার হরতাল কর্মসূচিতে প্রশাসনের শক্ত অবস্থানের পাশাপাশি রাজপথে দলীয় শক্তিও নিয়োগ করবে আওয়ামী লীগ। বিরোধী দলের সমাবেশ ঘিরে গতকাল শুক্রবারও পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা গুরুত্বপূর্ণ স্থানে পাহারা বসান। তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল মহড়া দেন। এ ছাড়া হরতালে নাশকতার অভিযোগ এনে বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাদের মামলায় জড়িয়ে চাপে রাখার পরিকল্পনাও সরকারের রয়েছে।
আওয়ামী লীগের একাধিক সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় নেতা জানান, বিরোধী দল যাতে অজুহাত সৃষ্টি করে ঢাকা অবরোধ কিংবা দেশ অচলের কর্মসূচি না দিতে পারে, সে জন্যই শেষ মুহূর্তে সমাবেশের অনুমতি দেওয়া হয়। আবার যাতে সমাবেশের সুযোগ নিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি না করতে পারে, সে জন্য প্রশাসনিক ও রাজনৈতিকভাবে ব্যাপক তৎপরতা দেখানো হয়। আগামী হরতালগুলোতেও একই কৌশল নেওয়া হবে।
রাজনৈতিক তৎপরতার অংশ হিসেবে হরতাল ঘোষণার পরপরই রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ, জিরো পয়েন্ট, গুলিস্তান এলাকায় হরতালবিরোধী মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, হরতাল কর্মসূচি জনগণের জন্য পান্তাভাত। এসব কর্মসূচি দিয়ে খালেদা জিয়া তাঁর অসাংবিধানিক প্রস্তাব বাস্তবায়ন করতে পারবেন না। তাঁকে অবশ্যই সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর প্রস্তাব মেনে নিতে হবে।
‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের’ উদ্দেশে মোফাজ্জল হোসেন বলেন, ‘ওরা দুষ্টু, ওরা দুশমন। ওরা যদি জানমালের ক্ষতি করে, আমাদের কর্মীরা হাত গুটিয়ে বসে থাকবে না।’ ২৪ জানুয়ারি পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেন তিনি।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনকালীন সরকারের প্রধান শেখ হাসিনাই থাকবেন—এ অবস্থান থেকে একটুও সরে আসেনি সরকার। তবে এই অনড় অবস্থানের কারণে জনমনে যাতে উৎকণ্ঠা বেড়ে না যায় এবং বিরোধী দল যাতে কঠোর কোনো অবস্থানে যাওয়ার অজুহাত না পায়, সে জন্য কৌশলী হয় সরকার। এই কৌশলের অংশ হিসেবে সরকার শেষ মুহূর্তে বিরোধী দলকে সমাবেশ করার অনুমতি দেয়।
রাজনৈতিক পর্যবেক্ষকেরা বলছেন, বিরোধীদলীয় নেতাকে ফোন করে আলোচনার আহ্বান জানানো হবে—বারবার এ ঘোষণা দেওয়াও সরকারের একটি কৌশল। সময়ক্ষেপণ এবং বিরোধী দলকে কঠোর কর্মসূচি থেকে বিরত রাখতে সরকার এ কৌশল নিয়েছে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু গতকাল এক অনুষ্ঠানে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিগগিরই বিরোধীদলীয় নেতাকে ফোন করে সংলাপের আহ্বান জানাবেন। তবে আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেন, তিন দিনের হরতাল ঘোষণার পর বিরোধীদলীয় নেতাকে ফোন দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসতে পারেন প্রধানমন্ত্রী।
আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বলেন, সরকার জনগণকে নির্বাচনী পরিবেশে নিয়ে যেতে চায়। এ জন্য আজ শনিবার থেকে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ডাকা হয়েছে। আগামী কিছুদিন দলীয় মনোনয়ন নিয়ে আলোচনা চলবে। ১৪ দলের শরিকদের সঙ্গেও মনোনয়ন নিয়ে আলাদা আলোচনা হবে।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী সার্বিক বিষয়ে প্রথম আলোকে বলেন, সংলাপের পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী যেহেতু বলেছেন, তিনি অবশ্যই বিরোধীদলীয় নেতাকে ফোন দেবেন। আলোচনার আহ্বান জানাবেন। আওয়ামী লীগ সুষ্ঠু রাজনৈতিক ধারা অব্যাহত রাখার জন্য যা করা দরকার অতীতে করেছে এবং ভবিষ্যতেও করবে। তবে এ পরিস্থিতিতে হরতাল কর্মসূচি সুস্থ রাজনৈতিক পরিবেশ তৈরির পরিপন্থী।