
নিরাপদ সড়কসহ কয়েকটি দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহর, আওয়ামী লীগের অফিস, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত ‘বিএনপি-জামায়াত ১/১১ কুশীলবদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে’ আয়োজিত মানববন্ধনে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে শিক্ষার্থীরা যখন ঘরে ও শিক্ষাঙ্গনে ফেরা শুরু করেছে, তখনই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা শুরু হয়। খেলা শেষ হয়ে যাচ্ছে বুঝতে পেরেই তারা বাংলাদেশের সমস্ত ক্যাডার ঢাকায় এনে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নারীদের স্কুলের ড্রেস পরিয়ে কোমলমতি শিক্ষার্থী বানিয়ে সমাবেশ করে। পরে তারা আওয়ামী লীগ অফিস অভিমুখী মিছিল নিয়ে হামলা করে। দাবি আদায়ের জন্য তারা তো সচিবালয় কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে পারত। তা না করে তারা যখন আওয়ামী লীগ অফিসের দিকে গেল, তখন বুঝতে বাকি নাই তারা সংঘাত তৈরি করে আরও কিছু লাশ ফেলতে চেয়েছিল। যেটি করতে তারা ব্যর্থ হয়েছে। পুলিশ তা নস্যাৎ করে দিয়েছে। সুতরাং বার্নিকাটের গাড়িবহর, আওয়ামী লীগের অফিস, সাংবাদিক ও পুলিশের ওপর দুষ্কৃতকারীদের হামলা একই সূত্রে গাঁথা। কিছুদিনের মধ্যেই সব থলের বিড়াল বেরিয়ে আসবে।’
‘আমির খসরুর ফোন আলাপ এটি কোনো অপরাধ নয়’ বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলামের সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করে আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র হাছান মাহমুদ বলেন, এ বক্তব্যের মাধ্যমে তিনি স্বীকার করে নিয়েছেন বিএনপি সাংগঠনিকভাবেই এ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে।
সরকারের কাছে প্রশ্ন রেখে সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ বলেন, এখনো আমীর খসরু মাহমুদ চৌধুরী, ফজলুল হক মিলন, মাহমুদুর রহমান মান্নাকে কেন গ্রেপ্তার করা হয়নি? দেশবাসীর পক্ষ থেকে যারা এই আন্দোলনে উসকানি দিয়েছে তাদের সবাইকে গ্রেপ্তারের জোর দাবি জানান তিনি।
আওয়ামী লীগের সব পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, ‘সমস্ত উসকানির মধ্যেও আমাদেরকে শান্ত থাকতে হবে। সরকার ব্যবস্থা গ্রহণ করছে এবং এ ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রয়োজনে দলের আহ্বানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
আয়োজক সংগঠনের উপদেষ্টা জাকির আহম্মদের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, তাঁতী লীগের কার্যকরী সভাপতি সাধনা দাশ গুপ্তা, সংযুক্ত আরব আমিরাত শাখা আওয়ামী লীগের সভাপতি আল মামুন সরকার, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।