আ.লীগ আদিবাসীদের কোনো প্রতিশ্রুতি রক্ষা করেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে গতকাল রোববার এক মতবিনিময় সভায় আলোচকেরা বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে পার্বত্য চুক্তিসহ আদিবাসীদের অধিকার বাস্তবায়নে নানা প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় গিয়ে এর কোনোটাই রক্ষা করেনি। বরং তারা আদিবাসী পরিচয়কেই অস্বীকার করে আদিবাসীদের এক কঠিন বিতর্কের মধ্যে ঠেলে দিয়েছে।
রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করে আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশন। আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ‘আদিবাসীদের ভূমি, ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ: প্রেক্ষিত বঙ্গীয় জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এবং পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি ১৯৯৭’ শীর্ষক এ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।
সঞ্জীব দ্রং বলেন, সরকারের সময় প্রায় শেষের দিকে। এখন আর একজন আদিবাসীও পাওয়া যাবে না, যে বিশ্বাস করবে সরকার এসব অঙ্গীকার বাস্তবায়ন করবে।
সংগঠনের সহসভাপতি ও ব্র্যাকের পরিচালক আন্না মিনজের সভাপতিত্বে বক্তারা বলেন, পার্বত্য চুক্তির ১৫ বছর পরও মূল সমস্যাগুলোর আজও সমাধান হয়নি। এর অন্যতম দিক হলো ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন। ভূমি কমিশন ২০০১ সালে আইনি রূপ পেলেও গত ১২ বছরে তা কোনো কাজই করেনি। উল্টো ২০০১ সালে যখন এ বিষয়ে আইন পাস হয়, চুক্তির মূল অংশের সঙ্গে বিরোধাত্মক অনেক ধারা সংযোজন করা হয়।