আ.লীগ ইলেকশন ডক্টরিংও করতে পারে: মঈন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ শুধু ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ নয়, ‘ইলেকশন ডক্টরিংও’ করতে পারে। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেওয়ার দাবি জানান।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মঈন খান এ দাবি জানান। জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদ ‘আগামী সংসদ নির্বাচনের পদ্ধতি’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।
মঈন খান বলেন, এমন সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, যাদের নির্বাচনের ফলাফলে কোনো অংশীদারি নেই। ফলাফলে অংশীদারি থাকলে পক্ষপাতিত্ব হবেই। এ জন্য নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, এ দাবিতে যে জনমত তৈরি হয়েছে, তা উপেক্ষা করলে আওয়ামী লীগ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। তিনি বলেন, জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিএনপি এর আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংযোজন করেছিল।
পাঁচ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে মঈন খান বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে তা আওয়ামী লীগ নিজেরাই বিশ্বাস করে কি না, সন্দেহ আছে।
এ সময় আয়োজক সংগঠনের সভাপতি আবুল কাশেম, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমীন গাজী প্রমুখ বক্তব্য দেন।