আ.লীগ এবার 'রূপকল্প-২০৪১' ঘোষণা করল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে শেখ হাসিনা
নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে শেখ হাসিনা

আগামী ৫ জানুয়ারির নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ‘রূপকল্প-২০৪১’ ঘোষণা করেছে আওয়ামী লীগ। এতে বলা হয়, এ সময়ের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের পর্যায় পেরিয়ে শান্তিপূর্ণ, সুখী-সমৃদ্ধ এক উন্নত জনপদে পরিণত করা হবে।
বিরোধী দলবিহীন ‘একতরফা’ নির্বাচনের ভোট গ্রহণের এক সপ্তাহ আগে গতকাল শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪৮ পৃষ্ঠার এই ইশতেহার উপস্থাপন করেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি স্বাধীনতা ও মুক্তির প্রতীক নৌকায় ভোট চেয়ে হত্যা-সন্ত্রাস, সংঘাত ও রক্তপাতের চির অবসানের আহ্বান জানান।
এর আগে ২০০৮ সালের নির্বাচনের আগে ‘রূপকল্প-২০২১’ শিরোনামে ইশতেহার প্রকাশ করেছিল। তাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, প্রতিবছর মন্ত্রী-সাংসদদের সম্পদের বিবরণী জনসম্মুখে প্রকাশ করা হবে। কিন্তু সে প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রক্ষা করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এবারের ইশতেহারে এই প্রতিশ্রুতি রাখাই হয়নি। তবে সম্পদ, আয়-রোজগার সম্পর্কে সর্বস্তরের নাগরিকদের জবাবদিহি নিশ্চিত করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
গণতান্ত্রিক প্রক্রিয়া সমুন্নত এবং নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করার মতো মৌলিক প্রশ্নে সব রাজনৈতিক দল, শ্রেণী ও পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজসহ দলমত-নির্বিশেষে জাতীয় ঐকমত্য গড়ে তোলার উদ্যোগ এবং চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঋণখেলাপি দুর্নীতি ও দুর্বৃত্তায়ন নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করা হয়েছে।
বিরোধী দলের অসহযোগিতা, ধ্বংস ও সংঘাতের রাজনীতি শিরোনামের একটি অনুচ্ছেদে সারা দেশে হত্যা, সাম্প্রদায়িক সন্ত্রাস, হেফাজতে ইসলামকে মাঠে নামানো, পুলিশ ও বিজিবি সদস্যদের হত্যাসহ সাধারণ নাগরিকদের পুড়িয়ে মারার ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করা হয়।
‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শিরোনামের এই ইশতেহারে সুশাসন, গণতন্ত্রায়ণ ও ক্ষমতার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ২৬ দফার অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা করা হয়। এতে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন ও শাস্তি কার্যকর এবং বিচার বানচাল করতে আন্দোলনের নামে হত্যা, সন্ত্রাস, অগ্নিসংযোগ, সংখ্যালঘুদের ওপর হামলা, বৃক্ষ নিধনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের অঙ্গীকার করা হয়েছে।
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূল, সব ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সাম্প্রদায়িক রাজনীতি ও প্রচার নিষিদ্ধ করার অঙ্গীকার করে বলা হয়, কোরআন ও সুন্নাহিবরোধী কোনো আইন করা হবে না। সব ধর্মের শিক্ষা ও মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, প্রতি জেলা-উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণ এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উন্নত করা হবে।
বাংলাদেশের ভূখণ্ডে জঙ্গিবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতাবাদী কোনো শক্তিকে প্রশ্রয় দেওয়া হবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদ মোকাবিলায় দক্ষিণ এশীয় দেশগুলোর পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখা হবে।
ইশতেহারে বলা হয়, আগামী পাঁচ বছরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং দারিদ্র্যের অনুপাত ১৫ শতাংশে নামিয়ে আনা হবে। প্রাথমিক শিক্ষার স্তর পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে উন্নীত করে অবৈতনিক ও বাধ্যতামূলক করা হবে। ন্যাশনাল সার্ভিস কর্মসূচিকে পর্যায়ক্রমে সব জেলায় সম্প্রসারিত করা হবে। দ্রুতগতির ইন্টারনেট সেবার জন্য ফোর-জি চালু করা হবে।
ইশতেহারে দ্বিতীয় পদ্মা সেতু ও দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের কারিগরি ও অন্যান্য প্রস্তুতি দ্রুত সম্পন্ন করে আগামী পাঁচ বছরের মধ্যে এ দুটি সেতুর নির্মাণকাজ শুরু করার ঘোষণা দেওয়া হয়। সংবাদপত্রকে শিল্প হিসেবে ঘোষণাসহ প্রয়োজনীয় প্রণোদনা, অনলাইন পত্রিকা ও সামাজিক গণমাধ্যমের অপব্যবহার রোধ এবং দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করা হবে।
২০০৮ সালের নির্বাচনের সময় দেওয়া সব অঙ্গীকার বাস্তবায়ন করা হয়েছে বলে দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অতীতের অন্ধকার ঘুচিয়ে বাংলাদেশ এখন আলোকোজ্জ্বল সমৃদ্ধ ভবিষ্যতের পথে পা বাড়িয়েছে। তিনি আরেকবার দেশ সেবার সুযোগ চান। আশা প্রকাশ করেন, রাজনীতি থেকে হিংসা, হানাহানি, সংঘাতের অবসান হবে, দুর্নীতি, দুর্বৃত্তায়নের ধারা থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামসহ দলীয় নেতা, ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন দলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান নূর।