বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর মতে, উপজেলা নির্বাচনের মাধ্যমে জনগণ ভোটের রায় দিয়েছেন। তাতে বোঝা যাচ্ছে, আওয়ামী লীগ পরবর্তী সময়ে জামায়াতের চেয়েও কম ভোট পাবে।
স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত আলোচনা সভায় বি. চৌধুরী এ কথা বলেন।
বিকল্পধারার সভাপতি বলেন, একটি দেশের স্বাধীনতার মূলমন্ত্র হচ্ছে গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করা। কিন্তু এই দুটি বিষয়ই আজ শঙ্কার মধ্যে পড়েছে। তিনি দাবি করেন, ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ গণতন্ত্রকে হত্যা করেছে। এই সরকারের ক্ষমতায় থাকার কোনো নৈতিক অধিকার নেই। অবিলম্বে নির্বাচন দিন, গণতন্ত্র বাঁচান, দেশ বাঁচান।
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব সরকারের উদ্দেশে বলেন, দ্রুত নির্বাচন দিন। তা না হলে রাষ্ট্র যে ভয়ংকর অবস্থায় রয়েছে, এর চেয়ে আরও ভয়ংকর অবস্থায় পড়বে।
বক্তারা ২ মার্চ ‘স্বাধীনতার পতাকা উত্তোলন’ দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্যের জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপকমাহবুব উল্লাহ, বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নান, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক, আওয়ামী লীগের নেতা আবু সাঈদ, সুলতান মোহাম্মদ মনসুর প্রমুখ।