আ.লীগ এলে জঙ্গিবাদ আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আওয়ামী লীগের প্রতীক নৌকায় ভোট চেয়ে বলেছেন, ‘নৌকা উন্নয়ন, সমৃদ্ধি ও শান্তি দেবে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে জঙ্গিবাদ আর সন্ত্রাস আসবে না।’গতকাল শনিবার রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জনসভায় আজিমপুর গার্লস স্কুলের প্রাক্তন ছাত্রী শেখ হাসিনা ছাত্রীদের আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজকে সরকারীকরণের ঘোষণা দেন।এর আগে প্রধানমন্ত্রী ইডেন মহিলা কলেজের এক হাজার আসনবিশিষ্ট ১১ তলা ছাত্রীনিবাস উদ্বোধন করেন। লালবাগের আজিমপুর ও কোতোয়ালিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন তিনি। এ ছাড়া শহীদনগরে মাতৃসদন, ইসলামবাগে কমিউনিটি সেন্টার ও প্রসন্ন পোদ্দার লেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।প্রধানমন্ত্রী জনসভায় বলেন, ছাত্রীরা আগামী দিনে ভোটার হলে নৌকা মার্কায় ভোট দেবে। তিনি অবশ্য বক্তৃতার শুরুতেই ছাত্রীদের বোন বলে সম্বোধন করেন। এরপর সঙ্গে সঙ্গে তিনি ছাত্রীরা তাঁর নাতির বয়সী বলেও মন্তব্য করেন।বিরোধীদলীয় নেত্রীর সমালোচনা করে আওয়ামী লীগের সভানেত্রী বলেন, ‘আপনার হুমকি-ধমকিতে কাজ হয়নি। ঢাকাবাসীকে হেফাজতের সমাবেশে ডেকেছিলেন, কেউ যায়নি।’ তিনি বলেন, ‘হেফাজতের সমাবেশ নিয়ে আওয়ামী লীগের নামে অপপ্রচার চালাচ্ছে বিএনপি। প্রথমে বলেছে আড়াই হাজার, পরে ৬১ জন নিহত হওয়ার কথা বলেছে। আমরা তালিকা চেয়েছি। তারা ২৯ জনের নাম-ঠিকানাই দিতে পারেনি। অবশ্য তিনজন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে।’ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম ছাড়া আরও বক্তৃতা করেন মাহবুব উল আলম হানিফ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শেখ ফজলে নূর তাপস, আশরাফুন্নেসা মোশারফ, ওমর ফারুক চৌধুরী, পংকজ দেবনাথ, মোতাহার হোসেন মোল্লা, বদিউজ্জামান সোহাগ প্রমুখ। আবুল হাসনাতের সভাপতিত্বে ওই জনসভায় প্রধান বক্তা ছিলেন স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন।