আ.লীগ ও ইউপিডিএফ সন্তুষ্ট নয়, প্রত্যাখ্যান বিএনপির
খাগড়াছড়িতে আওয়ামী লীগ এবার ৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ১৭টিতে জিতেছে। আওয়ামী লীগের বিদ্রোহী দুই প্রার্থীও স্বতন্ত্রভাবে লড়ে জিতেছেন। বাকি ১৩টিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছেন। তাঁদের মধ্যে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ নয়জনকে এবং জেএসএস (সংস্কার) তিনজনকে সমর্থন দিয়েছে বলে জানা গেছে। বিএনপির ২১ জন প্রার্থীর মধ্যে একজনও জিততে পারেননি।
গত শনিবার অনুষ্ঠিত খাগড়াছড়ির ৩২ ইউপির নির্বাচনের এই ফলে পুরোপুরি সন্তুষ্ট নয় আওয়ামী লীগ। ভোটের ফলাফল প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ ও আঞ্চলিক রাজনৈতিক দলের বিরুদ্ধে ভোট ডাকাতি ও ভয়ভীতির অভিযোগ এনেছে বিএনপি। নির্বাচনের এই ফলকে পূর্বপরিকল্পিত এবং আওয়ামী লীগ ও আঞ্চলিক রাজনৈতিক দলের আঁতাত বলে জেলা বিএনপির একজন নেতা মন্তব্য করেন। এই নির্বাচন অসন্তোষ প্রকাশ করেছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ।
খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, নির্বাচনের নামে আওয়ামী লীগ সারা দেশে প্রহসন করছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে বিএনপিকে একটি ইউপিতেও জিততে দেয়নি। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ও আঞ্চলিক রাজনৈতিক দল প্রভাব খাটিয়ে ফলাফল নিজেদের অনুকূলে নিয়েছে। আমরা এই ফলাফল প্রত্যাখ্যান করছি।’
আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা নিরন চাকমা বলেন, ‘আমাদের সমর্থিত নয়জন প্রার্থী জিতেছেন। দীঘিনালার একটি, পানছড়ির দুটি এবং মহালছড়ির একটি ইউপিতে ভোট কারচুপি করেছে আওয়ামী লীগ। নইলে ইউপিডিএফ সমর্থিত চেয়ারম্যানের সংখ্যা আরও বাড়ত।’ তিনি বলেন, ‘খাগড়াছড়ি সদরের একটি ইউপিতে আমাদের সমর্থিত একজন প্রার্থী জয়ী হন। গত নির্বাচনে সেখানে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিতেছিলেন।’ তিনি বলেন, জেএসএস (সংস্কার) এবার খাগড়াছড়িতে তিনটি ইউপিতে জয়ী হয়েছে।
ইউপিডিএফের অভিযোগ নাকচ করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণ বিক্রম ত্রিপুরা বলেন, ‘খাগড়াছড়ির সব ইউপিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের জেতা উচিত ছিল। কিন্তু আমরা দলীয় প্রতীক নিয়ে ১৭টিতে জয়ী হয়েছি। দলীয় মনোনয়ন না পেলেও আমাদের আরও দুজন মাটিরাঙ্গায় জয়ী হয়েছেন। সব মিলিয়ে আমাদের নবনির্বাচিত চেয়ারম্যানের সংখ্যা ১৯ জন। এই ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই।’
রণ বিক্রমের অভিযোগ, ইউপিডিএফ প্রভাব খাটিয়ে এবং ভোটারদের বিভ্রান্ত করে কয়েকটি ইউপিতে জিতেছে। বাইরের লোকজনের কাছে তাঁদের গুরুত্ব থাকতে পারে। কিন্তু পার্বত্য জেলায় আঞ্চলিক রাজনৈতিক দলের কোনো গুরুত্ব নেই।
খাগড়াছড়ি সদর উপজেলার ৫ নম্বর ভাইবোনছড়া ইউনিয়নে পরিমল ত্রিপুরা স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হয়েছে। জনগণ ব্যালটের মাধ্যমে সঠিক মতামত দিয়েছে। এই নির্বাচনে জনগণেরই জয় হয়েছে।’