আ.লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের ১৯ জন নেতা-কর্মী ও অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে নান্দাইল মডেল থানায় মামলা হয়েছে।
হামলা ও মারধর করে গুরুতর জখম ও অর্থকড়ি লুটপাটের অভিযোগে নান্দাইল পৌরসভার চারিআনিপাড়া এলাকার মো. হেফজুল আলম ভূঁইয়া গত বুধবার ওই মামলা করেন। তবে মামলা-প্রক্রিয়া কঠোর গোপনীয়তায় সম্পন্ন করা হয় বলে জানা গেছে। হেফজুল আলম নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম ভূঁইয়ার ভাতিজা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সাংসদ মেজর জেনারেল (অব.) আবদুস সালামের বিরুদ্ধে ২৫ নভেম্বর সন্ধ্যায় একটি পক্ষ মিছিল করলে সাংসদের পক্ষের নেতা-কর্মীরা তাদের ধাওয়া দেন। এ সময় দুই পক্ষের মধে সংঘর্ষ হয়।
নান্দাইল থানা সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় প্রধান অভিযুক্ত হচ্ছেন হাসান মাহমুদ। তিনি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং একসময় সাংসদ সালামের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। অন্য অভিযুক্তদের মধ্যে নান্দাইল উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি মো. শফিকুল ইসলাম ছাড়াও বিভিন্ন সম্পাদক পদে দায়িত্বপালনকারী নেতা-কর্মীরা রয়েছেন। তবে উপজেলা ও পৌর ছাত্রলীগের অপর একটি পক্ষ (পুরাতন কমিটি) সাংসদ সালামের পক্ষে সক্রিয় রয়েছে।
হাসান মাহমুদ বলেন, দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করে তাঁদের হয়রানি করা হচ্ছে। তাঁদের স্বজনদের মারধর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে।
নান্দাইল মডেল থানার ওসি খন্দকার জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় রহুল আমীন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এজাহারে তাঁর নাম নেই।