আ.লীগ ও ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পর নোয়াখালী শহরে এবং সেনবাগে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে জামায়াত-শিবিরের কর্মীরা কুপিয়ে আহত করেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে এ ঘটনা ঘটে।
এর আগে তাঁরা জেলা শহর এবং জেলার সব কটি উপজেলায় বিক্ষোভ মিছিল বের করেন। শিবিরের শহর শাখার সভাপতি নেয়ামতউল্লাহ শাকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ নেতা জেহানের ওপর হামলার ঘটনায় তাঁদের দলের কেউ জড়িত ছিলেন না বলে দাবি করে এবং ঘটনার নিন্দা জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সোয়া একটার দিকে জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সামছুদ্দীন জেহান (৪৫) মাইজদী থেকে রিকশাযোগে সোনাপুর যাওয়ার পথে রশিদ কলোনি এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনার পর পুলিশ রশিদ কলোনি এলাকায় অভিযান চালিয়ে গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরের কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এতে জামায়াত-শিবিরের ১০ জন আহত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
একই সময় সেনবাগ বাজারের সুলতান প্লাজার সামনে ছাত্রলীগের কলেজ শাখার সহসম্পাদক কামরুল হাসান ওরফে টুটুলকে (১৯) কুপিয়ে আহত করেন জামায়াত-শিবিরের কর্মীরা। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চাটখিল উপজেলা সদরে জামায়াত-শিবিরের কর্মীরা দুপুরে একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও কয়েকটি দোকানে ইটপাটকেল নিক্ষেপ করেন। একই সময় কোম্পানীগঞ্জের করালিয়া এলাকায় দুটি মোটরসাইকেল ও একটি ট্রাক্টরে আগুন দেওয়া হয়।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের সমর্থক কাউন্সিলর মো. মহিউদ্দিনসহ পাঁচজনকে আটক করে। এ ছাড়া জেলা শহরের সোনাপুরে বেলা তিনটার দিকে আওয়ামী লীগ কর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুরের পর জেলা শহরসহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত কিছু সহিংস ঘটনা ঘটে। জেলা শহরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগান থেকে ৫০টি গুলি, ১৫টি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। রশিদ কলোনি এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।