আ.লীগ ও ছাত্রলীগের সাত নেতাকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে গত সোমবার দলের বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃত সাতজন হলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা ভূঁইয়া, লামছর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহামঞ্চদ উল্যা, সাধারণ সম্পাদক নুরুল হুদা পাটওয়ারী, ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক মো. খোকন, কাঞ্চনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোরশেদ খান ও নওগাঁ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবেদ পাটওয়ারী।
জানা গেছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ এ আসনে তরীকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়ালকে মনোনয়ন দিয়েছে। এ আসনে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সফিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। আওয়ামী লীগ, এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কিছু নেতা-কর্মী তাঁর পক্ষে কাজ করছেন।
আওয়ামী লীগ নেতা মোহামঞ্চদ উল্যা ও জাহিদ হোসেন জানান, অগণতান্ত্রিকভাবে তাঁদের বহিষ্কার করার বিষয়টি তাঁরা শুনেছেন। বহিষ্কারের আগে তাঁদের কোনো কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়নি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান বলেন, দল থেকে তরীকত ফেডারেশনের মহাসচিবকে এ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত না মেনে ওইসব নেতা স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ শুরু করেন। এ জন্য তাঁদের বহিষ্কার করা হয়েছে।