আ.লীগ ও জনসংহতি সমিতি পরস্পরবিরোধী অবস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পক্ষ-বিপক্ষ নিয়ে রাঙামাটির রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে। রাঙামাটি জেলা আওয়ামী লীগ অভিযোগ করেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও এর সহযোগী সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা তাঁদের নেতা-কর্মীদের বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পক্ষে অবস্থান না নিতে হুমকি দিচ্ছেন। এর প্রতিবাদে গত সোমবার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করেছেন।স্থানীয় সূত্র জানায়, সরকার রাঙামাটি সদর উপজেলার মগবান ইউনিয়নে একটি বিশ্ববিদ্যালয় এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পক্ষে গত রোববার পার্বত্য চট্টগ্রাম শিক্ষা অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে রাঙামাটিতে মানববন্ধন, সংক্ষিপ্ত সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়। সেখানে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। পরে ওই সমাবেশে কমিটির অবস্থানের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাত্মতা ঘোষণা করা হয়।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন অভিযোগ করেন, ওই মানববন্ধন শেষে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে নিজ বাড়িতে যাওয়ার পথে স্থানীয় ছাত্রলীগের কর্মী সুমন চাকমা, সুমন মারমা ও বিটু মণি চাকমাকে অপহরণ করে মারধর করা হয়। পরে ৩০ হাজার টাকার বিনিময়ে তাঁদের মুক্তি দেওয়া হয়। এ ঘটনার জন্য তিনি জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যদের জড়িত থাকার অভিযোগ করেন।আওয়ামী লীগের রাঙামাটি সদর উপজেলা শাখার আহ্বায়ক চিত্ত চাকমা অভিযোগ করেন, রোববার একটি মুঠোফোন থেকে তাঁকে বারবার হুমকি দিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পক্ষে কাজ করলে তাঁকে মেরে ফেলা হবে। তাঁকে রাঙামাটি শহর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়ে অকথ্য ভাষায় গালাগাল করা হয় বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া আওয়ামী লীগের নানিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক জনতা শেখর চাকমা, যুবলীগের মিলন চাকমাসহ অনেককে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ।জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা জানান, ঘাগড়া এলাকায় কিছু বাগিবতণ্ডা হয়েছে। মারধর বা অপহরণের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘জনসংহতি সমিতি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিরুদ্ধে নয়। তবে বর্তমানে সময় ও স্থান নির্বাচনের বিষয়ে ভিন্নমত রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়ার সঙ্গে জনসংহতি সমিতি জড়িত নয়। তবে তাতে সমিতির নৈতিক সমর্থন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।এর আগে চলতি মাসে সদর উপজেলার মগবান ইউনিয়নের ঝগড়াবিল মৌজাবাসীর ব্যানারে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে এবং কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিপক্ষে পৃথকভাবে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দেওয়া হয়।সোমবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশ থেকে যেকোনো মূল্যে রাঙামাটিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি শাহ এমরান, যুবলীগ শহর শাখার সাধারণ সম্পাদক শাহ ফারুক, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা প্রমুখ।