আ.লীগ ও জাপায় একক বিএনপিতে 'বিদ্রোহী' প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা পৌর নির্বাচনে গতকাল বৃহস্পতিবার মেয়র ও কাউন্সিলর পদে মোট ৬২ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির একক প্রার্থী হলেও বিএনপিতে রয়েছেন দুজন বিদ্রোহী প্রার্থী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, পৌর মেয়র পদে আটজন, নারী কাউন্সিলর পদে আটজন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪৬ জন গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আহমেদ জামিলের কাছে মনোনয়নপত্র জমা দেন। তাঁদের মধ্যে মেয়র পদে রয়েছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-আইনবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপির মনোনীত আবদুল লতিফ, জাতীয় পার্টির (জাপা) মনোনীত উপজেলা জাপার সভাপতি মো. ইসমাইল হোসেন সিরাজী। বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. হানিফ মিয়া ও উপজেলা বিএনপির সহসভাপতি মো. আলমগীর সরকার। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ হোমনা উপজেলা সভাপতি আবদুল হাকিম এবং স্বতন্ত্র প্রার্থী মো. জহিরুল হক ও খোদেজা বেগম।
গতকাল সকাল থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেন। তা চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
বিএনপির বিদ্রোহী প্রার্থী হানিফ মিয়া বলেন, ‘দলীয় প্রার্থী মনোনয়নের প্রক্রিয়া সুষ্ঠু হয়নি। এ কারণে স্বতন্ত্র প্রার্থী হয়েছি।’
অপর প্রার্থী আলমগীর সরকার বলেন, ‘দলের মনোনয়ন কীভাবে দেওয়া হয় আমরা জানি না। আমি আশা করি, স্বতন্ত্র প্রার্থী হয়েও জয়লাভ করব।’
দলের ‘বিদ্রোহী’ প্রার্থীদের সম্পর্কে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মোল্লা সাংবাদিকদের বলেন, ‘দলীয় মনোনয়নপত্র মাত্র একজন নিয়েছেন। তাঁর নাম প্রস্তাব করে জেলায় পাঠিয়েছি। পরে তাঁকে কেন্দ্র থেকে মনোনীত করা হয়েছে। অন্য কেউ দল থেকে নির্বাচন করলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’