আ.লীগ ও জামায়াত নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে আজ সোমবার ভোট গ্রহণ করা হবে। তবে সুষ্ঠু ভোট নিয়ে সংশয় দেখা দিয়েছে। নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব-পুলিশের পাশাপাশি আনসার বাহিনীর বিপুলসংখ্যক সদস্য থাকলেও সাধারণ ভোটার ও প্রার্থীদের মধ্যে আশঙ্কা রয়েই যাচ্ছে।
সাধারণ ভোটারদের উৎকণ্ঠার মূল কারণ বগুড়ার সাম্প্রতিক রাজনৈতিক হানাহানি ও জামায়াত-শিবিরের সহিংসতা। দেশের বিভিন্ন স্থানে উপজেলা নির্বাচনে ক্ষমতাসীন দলের ভোট ডাকাতির অভিযোগ এনে বিএনপির দুর্গ বলে খ্যাত বগুড়ায় দলটির উদ্বেগ-উৎকণ্ঠা আওয়ামী লীগকে নিয়েই। অন্যদিকে আওয়ামী লীগের যত উদ্বেগ জামায়াতকে নিয়ে। প্রশাসনের পক্ষ থেকেও এসব উদ্বেগ উড়িয়ে দেওয়া হচ্ছে না।
ইতিমধ্যে ১২৫টি ভোটকেন্দ্রের সবগুলোকেই অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন।
নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, শহরের কেন্দ্রগুলোতে জামায়াত-শিবিরের সহিংসতার আশঙ্কা এবং গ্রামের ভোটকেন্দ্রগুলোতে ক্ষমতাসীন দলের কেন্দ্র দখলের আশঙ্কা করছেন তাঁরা। বিএনপির দুর্গ হওয়ায় প্রতিপক্ষ দলের কেউ গোলযোগের চেষ্টা করলে বিএনপিও এখানে সহিংসতায় জড়াতে পারে—এমন আশঙ্কাকেও তাঁরা উড়িয়ে দিচ্ছেন না।
পুলিশ সুপার মো. মোজাম্মেল হক প্রথম আলোকে বলেন, বিএনপি-আওয়ামী লীগকে নিয়ে আশঙ্কা নেই, আশঙ্কা শুধু জামায়াতকে নিয়েই। কারণ জামায়াত এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। সাম্প্রতিক সময়ে বগুড়ায় দলটির সহিংস কর্মকাণ্ডের কারণে সহিংসতার আশঙ্কা শতভাগ উড়িয়ে দেওয়া হচ্ছে না। তবে নির্বাচনী এলাকাজুড়ে পাঁচ স্তরের যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে, তাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে কেউ রেহাই পাবে না। কারণ কেন্দ্রে কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতির পাশাপাশি কেন্দ্রের বাইরে থাকবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব-পুলিশের পর্যাপ্ত মোবাইল টিম। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের তাৎক্ষণিক শাস্তি দিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে থাকবে প্রায় ৪৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী দল।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম বলেন, ১২৫টি ভোটকেন্দ্রে তিন লাখ ৫৩ হাজার ভোটারের ভোট নেওয়ার জন্য সব প্রস্তুতি শেষ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রের পাশাপাশি গোটা নির্বাচনী এলাকাতেই নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর পরও গ্রামের ভোটকেন্দ্রগুলোতে যাতে কেউ কোনো ধরনের গোলযোগ সৃষ্টি করতে না পারে, এ জন্য এসব ভোটকেন্দ্রের ওপর বিশেষ নজর থাকবে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে ভোট হবে।
ইউএনও বলেন, এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি-সমর্থিত প্রার্থী হিসেবে আলী আজগর হেনা, আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ খান এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রবিউল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সমর্থনে আবদুল হামিদ ও জামায়াতের সমর্থনে আবিদুর রহমান নির্বাচন করছেন।
আওয়ামী লীগ-সমর্থিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন আবদুল গফুর। মহিলা ভাইস চেয়রম্যান পদেও বিএনপি-জামায়াতের সমঝোতা হয়নি। এখানে বিএনপি-সমর্থিত প্রার্থী নাজমা আক্তার এবং জামায়াতের সাজেদা সামাদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ পদে আওয়ামী লীগ থেকে লড়ছেন দিলরুবা আমিনা আক্তার বানু।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বলেন, উপজেলা নির্বাচনে সারা দেশে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করে ফলাফল ছিনতাইয়ে নেমেছে, তাতে বগুড়া সদর উপজেলায়ও ডাকাতির আশঙ্কা বিএনপি উড়িয়ে দিচ্ছে না।
তবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সুলতান মাহমুদ খান দাবি করেন, ভোট হবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে।
জেলা জামায়াতের নায়েবে আমির ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আনোয়ার হোসাইনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।