আ.লীগ ও জামায়াত সমর্থকদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আওয়ামী লীগ-সমর্থিত রেলওয়ে শ্রমিক লীগ ও জামায়াত-সমর্থিত রেলওয়ে এমপ্লয়িজ লীগের সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তর সিআরবিতে এ ঘটনা ঘটে। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থতি শান্ত হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গতকাল একটি বিক্ষোভ মিছিল বের করেন আওয়ামী লীগ-সমর্থিত রেলওয়ে শ্রমিক লীগের নেতা-কর্মীরা। রেলওয়ে জিএমের অপসারণের দাবিতে পাল্টা আরেকটি মিছিল বের করে জামায়াত সমর্থিত এমপ্লয়িজ লীগ। উভয় মিছিল সিআরবি এলাকা প্রদক্ষিণ করছিল। জিএমের কার্যালয়ের সামনে উভয় পক্ষের মিছিল মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রেলওয়ে শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আমরা আগেই কর্মসূচি ঘোষণা করেছিলাম। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা বিক্ষোভ মিছিল করলে জামায়াতের সমর্থক এমপ্লয়িজ লীগের নেতা-কর্মীরাও আকস্মিক পাল্টা মিছিল বের করে।’ সিরাজুল ইসলাম আরও বলেন, ‘জামায়াতের সমর্থক শ্রমিক সংগঠনের মিছিলে ছাত্রশিবিরের কর্মীরা ছিল। উভয় পক্ষের মিছিল মুখোমুখি হলে বহিরাগত শিবিরকর্মীরা মারমুখী আচরণ করে। বরং আমরা ধৈর্যের পরিচয় দেওয়ায় পরিস্থিতি খারাপের দিকে গড়ায়নি।’জামায়াত-সমর্থিত এমপ্লয়িজ লীগের সেলিম পাটোয়ারী বলেন, ‘নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির বিরুদ্ধে আমরা মিছিল করছিলাম। আমাদের মিছিলের পেছনের দিকে হঠাৎ হামলা চালানো হয়।’