আ.লীগ ও বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিজয় মেলায় বোমা হামলার ঘটনায় গতকাল শুক্রবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে বোমা হামলার পরপর জিন্দার আলী নামের (৪০) এক মাইক্রোবাসচালককে পিটিয়ে হত্যার ঘটনায় কোনো মামলা হয়নি। বোমা হামলা মামলায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাশাপাশি নিহত জিন্দারের কয়েকজন আত্মীয়কে আসামি করা হয়েছে বলে জানা গেছে। আসামিদের মধ্যে রয়েছেন: মিরপুর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আহসান হাবীব ওরফে স্বপন, সদরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন ওরফে মোশা এবং আমলা বাজার কমিটির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা ওরফে মতে। এর মধ্যে আহসান নিহত জিন্দারের চাচাতো ভাই।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাতে মিরপুরের আমলা সদরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত বিজয় মেলায় বোমা বিস্ফোরণে আহত হন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কামারুল আরেফিন এবং আমলা সাঁতার ক্লাবের সভাপতি তৈমুরুল ইসলাম। এ ঘটনার পরপর বোমা বহনকারী সন্দেহে কামারুলের সমর্থক ও স্বজনেরা জিন্দারকে পিটিয়ে হত্যা করেন।বোমা হামলার ঘটনায় গতকাল বিকেলে মিরপুর থানায় মামলাটি করেন আহত কামারুলের বড় ভাই সামসুল আরেফিন। এ ব্যাপারে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সামসুল আরেফিন তাঁর এজাহারে ২৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে হত্যার উদ্দেশ্যে বোমা হামলার মামলা করেছেন। এতে বিএনপি ও আওয়ামী লীগের কয়েকজন নেতা-কর্মীর নাম রয়েছে। যোগাযোগ করা হলে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, মামলায় আসামি হিসেবে মতে, মোশা, মোতালেব, স্বপনসহ কয়েকজনের নাম রয়েছে। এ ছাড়া দৌলতপুর উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের গাছের দিয়াড় এলাকার কিছু ব্যক্তির নাম রয়েছে।মামলার ব্যাপারে বিএনপির নেতা মোশারফ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমার নাতনি অসুস্থ। তার চিকিত্সার জন্য তিন দিন ধরে ঢাকায়। শুনেছি, আমার নামে মামলা হয়েছে। যেহেতু বিএনপি করি, তাই নাম দিয়েছে। তবে এটা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’এদিকে বোমা হামলার ঘটনার পর আমলা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গতকাল বিকেলের পরপরই আমলা বাজার জনশূন্য হয়ে পড়ে। এলাকা থেকে বিএনপি-সমর্থিত লোকজন অন্যত্র চলে গেছে। কামারুলের সমর্থকদের ভয়ে জিন্দারের পরিবার ও স্বজনেরা থানায় কোনো মামলা করেননি। নাম প্রকাশে অনিচ্ছুক জিন্দারের এক নিকটাত্মীয় প্রথম আলোকে বলেন, ‘কারা জিন্দারকে পিটিয়ে হত্যা করেছে, তা তিনি মারা যাওয়ার আগে আমাদের জানিয়ে গেছেন। কিন্তু আমরা চরম আতঙ্কে আছি। আমাদের আত্মীয়কে পিটিয়ে মারল, আবার আমরাই বাড়িছাড়া।’সদরপুর ইউনিয়ন বিএনপির এক নেতা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগ নিজেরা বোমা হামলার নাটক সাজিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর উদ্দেশ্যমূলক দায় চাপানোর চেষ্টা চালাচ্ছে।’