নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির একক প্রার্থী অনেকটাই চূড়ান্ত। দুটি দলের নেতারা বলছেন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।
আওয়ামী লীগ থেকে মেয়র পদে নির্বাচন করবেন আবদুল কাদের মির্জা। তিনি বর্তমান মেয়র এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।
আবদুল কাদের মির্জা গতকাল শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোকে বলেন, তিনি ছাড়া দলে মেয়র পদের অন্য কোনো প্রার্থী নেই। কেউ প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি। তাই মেয়র পদে তিনিই প্রার্থী হবেন।
মেয়রের বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানও। তিনি বলেন, ‘মেয়র পদে আমাদের প্রার্থী আগের জনই (আবদুল কাদের মির্জা)। আর কাউন্সিলর পদে কারা দলের সমর্থন পাবেন, তা আজ রোববার উপজেলা আওয়ামী লীগের বৈঠকে চূড়ান্ত করা হবে।
নির্বাচন নিয়ে উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম প্রথম আলোকে বলেন, মেয়র পদে তাঁরা সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরীর নাম চূড়ান্ত করেছেন। পাশাপাশি নয়টি সাধারণ ওয়ার্ড ও তিনটি সংরক্ষিত নারী আসনের প্রার্থীও অনেকটাই চূড়ান্ত করা হয়েছে। সম্ভাব্য প্রার্থীরা সবাই ঢাকায় গেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করতে। দু-এক দিনের মধ্যে সব পদেই প্রার্থী চূড়ান্ত হয়ে যাবে।
বসে নেই জামায়াতে ইসলামীও। দলের নেতারা বলছেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করবেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন। একই সঙ্গে চারটি ওয়ার্ডেও কাউন্সিলর প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
মোশারফ হোসেন বলেন, নির্বাচন কমিশন দলের নিবন্ধন বাতিল করায় তাঁরা কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়বেন। এ ক্ষেত্রে মেয়র পদে তিনি নিজে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ৩ নম্বর ওয়ার্ডে নূর উদ্দিন, ৬ নম্বর ওয়ার্ডে আবদুল মান্নান, ৮ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দিন ও ৯ নম্বর ওয়ার্ডে মহিউদ্দিন প্রার্থী হবেন বলে চূড়ান্ত হয়েছে।