আ.লীগ ও বিএনপিতে অনেক 'বিদ্রোহী'
বরিশাল, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, চুয়াডাঙ্গা ও মাগুরায় পৌরসভা নির্বাচনে মেয়র পদে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ ও বিএনপির বেশ কয়েকজন ‘বিদ্রোহী’ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: বানারীপাড়ায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র শীল গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন।
কুষ্টিয়া: সদরে বিএনপির প্রার্থী পৌর বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন আহমেদ। এ ছাড়াও ‘বিদ্রোহী’ প্রার্থী সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বশিরুল আলম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম উল হাসান মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিরপুরে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনামুল হক। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাহার আলী। এখানে বিএনপির প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আজিজ খান, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ড (ছন্দহবাড়িয়া) বিএনপির সভাপতি মিজানুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভেড়ামারায় বিএনপির প্রার্থী মহিউদ্দিন বানাত, বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম রেজা মনোনয়নপত্র জমা দিয়েছেন। কুমারখালীতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র সামসুজ্জামান অরুণ। এখানে ‘বিদ্রোহী’ পৌর আওয়ামী লীগের সহসভাপতি জাকারিয়া খান। খোকসায় আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা যুবলীগের আহ্বায়ক আল মাসুম মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দীন পিল্টু মনোনয়নপত্র দিয়েছেন।
গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল, ‘বিদ্রোহী’ পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ, ‘বিদ্রোহী’ হিসেবে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশাররফ হোসেনের ছোট ভাই মো. মোজাফ্ফর হোসেন, উপজেলা যুবলীগের (একাংশ) যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া-বিষয়ক সম্পাদক মো. নাসিমুজ্জামান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নগরকান্দায় আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন মিয়া। এখানে ‘বিদ্রোহী’ হয়েছেন পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন। বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান। ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা কৃষক দলের সভাপতি বিল্লাল হোসেন মোল্যা।
চুয়াডাঙ্গা: সদরে আওয়ামী লীগ প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আবদুল জব্বার, ‘বিদ্রোহী’ প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দর্শনায় আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলী মনসুর। বিএনপির মনোনীত প্রার্থী বর্তমান মেয়র পৌর বিএনপির সভাপতি মহিদুল ইসলাম। ‘বিদ্রোহী’ হিসেবে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জীবননগরে আওয়ামী লীগের প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুন্সী নাসির উদ্দিন, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মাগুরা: সদরে আওয়ামী লীগের প্রার্থী খুরশীদ হায়দার। এখানে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি-বিষয়ক সম্পাদক মাহবুবুল আকবর, জেলা আওয়ামী লীগের সাবেক সহপ্রচার সম্পাদক শাখারুল ইসলাম।