আ.লীগ ও বিএনপিতে কোন্দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ ও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের মনোনয়ন পাওয়া নিয়ে কোন্দল আরও প্রকট হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ৬ অক্টোবর গণভবনে নড়াইলের তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় নড়াইল-২ (লোহাগড়া-নড়াইলের একাংশ) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ এস কে আবু বাকেরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান। তিনি সেখানে বলেন, সাংসদ গণবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। গত সাড়ে চার বছরে টিআর-কাবিখায় দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্য করেছেন। তিনি পুলিশ দিয়ে দলীয় নেতা-কর্মীদের হয়রানি করেছেন।
শিকদার আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, ‘সাধারণ মানুষের মধ্যে এবং দলে সাংসদের যে অবস্থা, মনোনয়ন পেলে ওনার জামানত থাকবে না।’
দলীয় সূত্র জানায়, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খান ও সাধারণ সম্পাদক শিকদার আবদুল হান্নান দলের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন। অন্য অংশের নেতৃত্বে আছেন সাংসদ এস কে আবু বাকের।
২০১১ সালের ১২ জুন লোহাগড়া পৌরসভা নির্বাচন হয়। ওই নির্বাচনে দলীয় সমর্থন পান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুন্সী আলাউদ্দীন। বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম নির্বাচনের দিন রাতে গ্রেপ্তার হন। উপজেলা পরিষদে হামলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ওই দিন গভীর রাতে তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। ওই নির্বাচনে মুন্সী আলাউদ্দীনের শোচনীয় পরাজয় হয়। বিএনপি-সমর্থিত প্রার্থী নেওয়াজ আহমেদ ঠাকুর মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আশরাফুল আলম।
আশরাফুল আলম ও দলের একাংশের নেতাদের অভিযোগ, সাংসদ বাকেরের নির্দেশেই আশরাফুল গ্রেপ্তার হন। সেই থেকে দলে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নেয়। বিভিন্ন সময় পৃথক কর্মসূচি পালিত হয়েছে। পাল্টাপাল্টি সমাবেশও হয়েছে।
মুন্সী আলাউদ্দীন বলেন, ‘উপজেলা কমিটির বয়স ১৩ বছর। সাত-আট বছর আগে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি হয়েছে। দলের এই স্থবিরতা এবং শিকদার আবদুল হান্নানের কর্মকাণ্ডে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে—তা গণভবনের বৈঠকে বলেছি।’
আবু বাকের বলেন, ‘দলের অভ্যন্তরে দলাদলি নেই। নেতা-কর্মীরা আমার পক্ষেই আছেন। তবে দলের কয়েকজন খারাপ চরিত্রের মানুষ আমার বিপক্ষে।’ দুর্নীতি ও নিয়োগ-বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লুটেপুটে খাওয়ার সুযোগ না দেওয়ায় আমি খারাপ হয়েছি।’
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক সুবাস চন্দ্র বোস গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, সাংসদ বাকেরের ব্যক্তিগত পছন্দ-অপছন্দের কারণেই কোন্দলের সৃষ্টি হয়েছে।
এদিকে নড়াইল-২ আসনে বিএনপিদলীয় মনোনয়নপ্রত্যাশী দুজন। তাঁরা হলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফ খসরুজ্জামান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের শিকদার।
তৃণমূল নেতা-কর্মীদের অভিযোগ, মনোনয়ন প্রতিযোগিতার জন্য ওই দুই নেতাকে কেন্দ্র করে দলে বিভক্তির সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর লোহাগড়া কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির বর্ধিত সভায় দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে।
শরীফ খসরুজ্জামান বলেন, ‘আমার বিশ্বাস, দলের সাধারণ কর্মীরা আমার সঙ্গে আছে। হাতে গোনা কয়েকজন নেতা কাদের শিকদারকে ভয় পেয়ে আমার বিরুদ্ধ পথে চলেন। তাঁরাও একসময় আমার কাছে চলে আসবেন।’ আবদুল কাদের শিকদার বলেন, ‘সব সময় মাঠে আছি। আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছি। দল নিশ্চয়ই কোনো অতিথি পাখিকে মূল্যায়ন করবে না।’