
বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি—দুই দলেরই একাধিক প্রার্থী মাঠে রয়েছেন। নির্বাচন করার ব্যাপারে ‘বিদ্রোহী’ প্রার্থীরা অনড়। তবে চেষ্টা চলছে একক প্রার্থী রাখার।আওয়ামী লীগের পক্ষে মেয়র পদে সদ্য সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেনের প্রতি সমর্থন জানানো হয়েছিল। তবে প্রার্থী হিসেবে রয়ে গেছেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান।কৌশলগত কারণে বিএনপি এখনো মেয়র পদে কাউকে প্রকাশ্যে সমর্থন দেয়নি। তবে দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কেন্দ্রের ‘গোপন সমর্থন’ পেয়েছেন বলে তাঁর সমর্থকদের দাবি। গতকাল সোমবার তিনি ঢাকা থেকে মহাসমারোহে বরিশালে ফিরে গণসংবর্ধনাও পেয়েছেন।মেয়র পদে মনোনয়ন জমা দেওয়া বিএনপির অপর দুজনের মধ্যে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান মনোনয়নপত্র প্রত্যাহারে সম্মত হলেও মাঠ না ছাড়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবায়েদুল হক। এবায়েদুলও গতকাল ঢাকা থেকে ফিরেছেন। ফিরেই সংবাদ সম্মেলনে তিনি প্রার্থী থাকার সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশন নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। তাই আহসান হাবিবের মতো দলের পদ-পদবিতে থাকা কেউ নির্বাচন করতে পারেন না। নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে তিনি বলেন, দলে তাঁর পদ-পদবি নেই, সুতরাং তাঁকে বহিষ্কারেরও সুযোগ নেই।বিএনপির বলয়ের প্রার্থীদের মধ্যে সমঝোতার কেন্দ্রীয় উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে এবায়েদুল বলেন, ‘কেন্দ্রের কাছে আমি কোনো সমঝোতার জন্য যাইনি, আমাকে কেউ সমঝোতার জন্য ডাকেওনি।’ তিনি বিএনপির কাছে সমর্থন চেয়ে এসেছেন বলে জানান।বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান বলেন, এবায়েদুল হককে বোঝানোর চেষ্টা চলছে। নির্বাচনে তাঁদের একক প্রার্থী দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।
সমঝোতার চেষ্টা চলছে আওয়ামী লীগেও। বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল-উল করিম বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৬ মে এবং সেদিনের মধ্যে হয়তো চিত্র বদলেও যেতে পারে। তবে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মাহমুদুল হক খান বলেছেন, সমঝোতার সুযোগ নেই। তিনি ২০০৮ সালের নির্বাচনের সময় দলের ঊর্ধ্বতন নেতাদের বিশেষ আহ্বানে এবং সাবেক মেয়র শওকতের বিশেষ অনুরোধে নির্বাচন থেকে সরে গিয়েছিলেন। মাহমুদের দাবি, শওকত প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরের নির্বাচনে তিনিও মাহমুদের পক্ষে নির্বাচনে নামবেন। কিন্তু কথা রাখেননি।
অবশ্য শওকত এমন প্রতিশ্রুতি দেওয়ার কথা অস্বীকার করেন। তিনি মনে করেন, দলের বৃহত্তর স্বার্থে মাহমুদের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানো উচিত। তবে মাহমুদ সরে না দাঁড়ালেও নির্বাচনের বৈতরণী তিনি সাফল্যের সঙ্গে অতিক্রম করবেন বলে আশা প্রকাশ করেন।
তবে আহসান হাবিবকে সমর্থনকারী নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান বলেন, সিটি করপোরেশন বা সংসদ নির্বাচন—কোনোটাতেই আওয়ামী লীগের ভোট বিএনপির চেয়ে বেশি ছিল না। ২০০১ সালে প্রথম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মজিবর রহমান সরোয়ার ৪২ হাজার ৬২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী এনায়েত পীর খান পেয়েছিলেন ৩২ হাজার ৬৫৫ ভোট। এ ছাড়া বিএনপির বিদ্রোহী দুই প্রার্থীর মধ্যে আহসান হাবিব ২০ হাজার ২৪৮ এবং এবায়েদুল হক পেয়েছিলেন ১৩ হাজার ৮৫৬ ভোট। তাঁর মতে, বিএনপি ২০০৮ সালের নির্বাচন বর্জন না করলে সেবার শওকত হোসেনের বিজয়ী হওয়ার সুযোগ ছিল না।