আ.লীগ ও বিএনপিতে বঞ্চিতদের দলবদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় ২৭ ফেব্রুয়ারির উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের দিরাই উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থনবঞ্চিত কয়েকজন দলবদল করেছেন। দলীয় সমর্থন ঘোষণার পর তিন ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের দুই নেতা বিএনপিতে এবং বিএনপির এক নেতা আওয়ামী লীগে যোগ দিয়ে প্রার্থী হওয়ার সমর্থন পেয়েছেন। তাঁরা আজ রোববার মনোনয়নপত্র দাখিল করবেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, গত শুক্রবার বিকেল চারটায় উপজেলা পরিষদ রোডের বালুর মাঠে এক জনসভায় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলতাব উদ্দিন ও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের আহ্বায়ক রঞ্জন রায়ের নাম ঘোষণা করেন। এ সময় কেউ প্রতিবাদ করেনি। কিন্তু এ দলের সমর্থনপ্রত্যাশী উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা লীগের সভাপতি ছবি চৌধুরী ও আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান সন্ধ্যা সাতটার দিকে সহস্রাধিক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে বিএনপিতে যোগ দেন।
এ ব্যাপারে বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বলেন, চেয়ারম্যন পদে নবাগত হাফিজুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছবি চৌধুরী বিএনপির সমর্থন নিশ্চিত। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা নাছির উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ওই দুজনের নাম ঘোষণা করার কথা।
বিএনপি সূত্র জানায়, বিএনপির নেতা বীণা জয়নাল মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন না পেয়ে আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তিনি আওয়ামী লীগ থেকে ওই পদে সমর্থন পেয়েছেন।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল নেতা নবাগত বীণা জয়নালের মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মকসুদ আলম বলেন, ব্যক্তি বিশেষের বিএনপিতে যোগদানে আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত দিরাইয়ের ভোটের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না।