আ.লীগ ও বিএনপির ছয়জনের গণসংযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলার সম্ভাব্য প্রর্থীরা মাঠে নেমে পড়েছেন। গত রোববার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই তাঁদের তৎপরতা শুরু হয়।
ইতিমধ্যে ছয়জন নেতা বিভিন্ন এলাকায় গণসংযোগ শুরু করেছেন।
উপজেলার সাতটি ইউনিয়নের বেশ কিছু ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে নিকলী-বাজিতপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাই এলাকার লোকজনের কাছে কোনো প্রার্থীকে ভোট চাইতে নির্বাচনের মাঠে নামতে হয়নি। এবার উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা প্রতিটি ইউনিয়নের লোকজনের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছেন।
গত বুধবার দুপুরে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ-সমর্থিত মো. ইকবাল হোসেন বলেন, ‘এবারও প্রার্থী হতে দলের নেতা-কর্মীরা আমাকে চাপ দিচ্ছেন। দলীয় সমর্থন না পেলে নির্বাচনে যাব না।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কারার সাইফুল ইসলাম বলেন, ‘ইতিমধ্যে আমি সাতটি ইউনিয়নের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সমর্থনে প্রার্থী হওয়ার জন্য কাজ শুরু করেছি। আশা করি, তাঁরা আমাকেই প্রার্থী করবেন।’ আওয়ামী লীগের উপজেলা আইনবিষয়ক সম্পাদক আসাদুর হকও নির্বাচনী মাঠে তৎপর রয়েছেন।
দলীয়ভাবে সম্মতি পেলে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন বলে জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুল মোমেন। উপজেলা বিএনপির সদস্য শফিকুল আলম ও কফিল উদ্দিনও সম্ভাব্য প্রার্থী হিসেবে নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন।
নিকলী-বাজিতপুর আওয়ামী লীগের সাংসদ আফজাল হোসেন প্রথম আলোকে বলেন, কয়েক দিনের মধ্যেই দলীয় নেতা-কর্মীদের নিয়ে বসে চেয়ারম্যানসহ অন্যান্য পদে কাদের দলীয় সমর্থন দেওয়া হবে তা ঠিক করা হবে।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুস সাত্তার বলেন, কাকে এই নির্বাচনে দলীয় প্রার্থী করা হবে, তা এখনো ঠিক হয়নি।