আ.লীগ ও বিএনপির দর কষাকষিতে মানুষ অতিষ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপির দর কষাকষির কারণে মানুষ অতিষ্ঠ ও অস্থির হয়ে পড়েছে। তারা কোনো দিকনির্দেশনা পাচ্ছে না।আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে গতকাল রোববার বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক মতিন এসব কথা বলেন। রাজধানীর ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এই আলোচনা সভা হয়।আবদুল মতিন আওয়ামী লীগ ও বিএনপিকে বুর্জোয়া রাজনীতির ধারক উল্লেখ করে বলেন, ‘এই দুই দলই জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। আমি প্রত্যাশা করি, জনগণও প্রত্যাশা করে, আপনাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার।’ তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মতো কমিউনিস্টরাও ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার মূল কারণ হলো, ক্ষমতায় গেলে রাজনীতিবিদেরা জনগণের মনোভাব বুঝতে পারেন না। তাঁরা তখন কেবল নিজেদের মতামতকে প্রাধান্য দেন। নিজেদের নিয়ে ব্যস্ত থাকেন। অদূরদর্শিতার কারণে কমিউনিস্টরা রাজনীতিতে প্রধান দুই দলের চেয়ে পিছিয়ে আছে।ভাষাসৈনিক মতিন বলেন, জনগণ প্রত্যাশা করে ভালো সরকারের। খালেদা জিয়া ও শেখ হাসিনা উভয় নেতার দোষ যেমন আছে, গুণও আছে। এই দুজনের কাছে জনগণ ভালো কিছু প্রত্যাশা করে। কিন্তু দুই দলের দরকাষাকষির কারণে মানুষ ভালো কিছু পাচ্ছে না। তিনি বলেন, ‘একসময় মানুষ অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠবে। তখন ভালোর জন্য যুদ্ধ শুরু হবে। আপনাদের কাছে আমাদের প্রত্যাশা, আপনারা শান্তিপূর্ণভাবে মানুষের জন্য ভালো কিছু করবেন।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সরকার ব্যর্থ হচ্ছে। আর এর দায় বিএনপির ওপর চাপাচ্ছে। যদি দেশ চালাতে না পারেন, তাহলে ক্ষমতা ছেড়ে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দিন। যারা দেশ চালাতে পারবে তারা ক্ষমতায় আসুক।’স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, একুশ ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় এ সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির শপথ হবে গণতন্ত্র রক্ষা করা।আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা। আলোচনায় অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ।