আ.লীগ ও বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে খুলনার ডুমুরিয়া উপজেলায় বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি অনানুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে ‘দলীয় প্রার্থীদের’ নামের তালিকা প্রকাশ করেছে। এতে সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কারণ, আইনত ইউপি নির্বাচন নির্দলীয়। সম্প্রতি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউপি নির্বাচনে দলের ব্যানারে প্রচারণা গ্রহণযোগ্য হবে না। কেউ দলীয় ব্যানারে প্রচারণা চালালে তাঁর মনোনয়নপত্র বাতিল হবে। উপজেলা আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, একাধিক চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই করতে উপজেলা পর্যায়ে ছয় সদস্যের একটি মনোনয়ন বোর্ড গঠন করা হয়। গত বুধবার রাতে বোর্ড সদস্যদের উপস্থিতিতে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১২টিতে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশীদের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন—ধামালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনয় কৃষ্ণ মণ্ডল, রঘুনাথপুরে সরদার আবু সালেহ, রুদাঘরায় বর্তমান চেয়ারম্যান গাজী তহিদুল ইসলাম, খর্ণিয়ায় প্রণব কুমার ঘোষ, আটলিয়া ইউনিয়নে স ম আবদুল কাইয়ুম, মাগুরাঘোনায় শেখ আবুল হোসেন, শোভনায় সরদার আবদুল গণি, শরাফপুরে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দীন আল-মাসুদ, সাহস ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শেখ আবদুল কুদ্দুস, ভান্ডারপাড়ায় শেখ হামিদুর রহমান, ডুমুরিয়া সদর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, গুটুদিয়ায় এম এম সুলতান আহমেদ। উপজেলার রংপুর ও মাগুরখালী ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও বিরোধী দলের কোনো প্রার্থী না থাকায় সেখানে প্রার্থীদের স্বাধীনতা দেওয়া হয়েছে।অপরদিকে উপজেলা বিএনপির একাধিক সূত্র জানায়, জেলা বিএনপি থেকে প্রার্থী মনোনীত করতে চিঠি পাওয়ার পর উপজেলা পর্যায়ে একাধিক সভা হয়। শেষে উপজেলা বিএনপির ২৭ ফেব্রুয়ারির সভায় ধামালিয়া ইউনিয়নে এফ এম গোলাম সরোয়ার, রঘুনাথপুরে গাজী তফসীর আহমেদ, রুদাঘরায় জি এম আমানুল্লাহ, খর্ণিয়ায় শেখ দিদারুল হোসেন, আটলিয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শেখ বদরুজ্জামান, মাগুরাঘোনায় আবুল কালাম শামসুদ্দিন, শোভনায় বর্তমান চেয়ারম্যান শেখ মতিয়ার রহমান, শরাফপুরে সাবেক চেয়ারম্যান জাহাবক্স বিশ্বাস, সাহস ইউনিয়নে শেখ জয়নাল আবেদিন, ভান্ডারপাড়ায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর, ডুমুরিয়া সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন, গুটুদিয়ায় কাজী মিজানুর রহমানকে বিএনপি ‘দলীয় মনোনয়ন’ দিয়েছে। ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দলীয়ভাবে কি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়? তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ তার মতামত প্রকাশের সুযোগটি রাজনৈতিক দল প্রার্থী ঘোষণার কারণে হারাবে। তা ছাড়া প্রকৃত সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচন করতে পারবে না।’ সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমজাদ হোসেন বলেন, ‘কোনো দলীয় নেতা “ফুঁ” দেবে আর সে নির্বাচিত হবে। এটা গণতন্ত্রের পরিপন্থী।’ ডুমুরিয়া উপজেলার ইউএনও আরিফুল হক বলেন, ‘এ নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়। আর কেউ প্রার্থী ঘোষণা করেছে কি না, তা আমার জানা নেই।’